বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রধান আপিল বিভাগের সাবেক বিচারপতি শাহ আবু নাঈম মোমিনুর রহমান বলেছেন, বিচার বিভাগে আস্থার সংকট ফিরিয়ে আনতে সুপারিশ করা হবে। হস্তক্ষেপমুক্ত বিচার বিভাগ চাইব।
মঙ্গলবার রাজধানীতে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে ‘বিচার বিভাগ সংস্কার কমিশনের’ দ্বিতীয় বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নে তিনি এ কথা বলেন। এ সময় সংস্কার কমিশনের সদস্য বিচারপতি এমদাদুল হকও সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা বলেন। আগামী সোমবার বিচার বিভাগ সংস্কার কমিশনের তৃতীয় বৈঠক অনুষ্ঠিত হবে।
কমিশন প্রধান সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, কমপ্লিট সেপারেশন অব জুডিশিয়ারি বলে কিছু নেই। মামলায় বিচার হলে রায় কার্যকর করবে কে? সরকার। তাহলে দেশ চালাতে রাষ্ট্রের তিন অঙ্গকে মিলেমিশে কাজ করতে হবে। অ্যাবসলিউট সেপারেশন বলে কিছু নেই।
বিচারপতি শাহ আবু নাঈম মোমিনুর রহমান বলেন, বিচার বিভাগ না থাকলে দেশ চলতে পারবে না। তবে, বিচার বিভাগের কথা সবাইকে শুনতে হবে। আমরা চাইব যেন হস্তক্ষেপ না হয়। নির্বাহী বিভাগ যাতে বিচার বিভাগের ওপর হস্তক্ষেপ না করতে পারে, সে বিষয়ে সুপারিশ, প্রস্তাবনা দেয়া হবে। রায় পছন্দ না হলে আপিলের সুযোগ আছে। কারণ রায়ে তো দুই পক্ষকে খুশি করা যাবে না।
তিনি বলেন, আমরা সুপ্রিম কোর্টের উভয় বিভাগে বিচারক নিয়োগের একটা নীতিমালা করে দেব। একজন এসে বলবে যে, অমুক আমার চাচা, তাকে জজ বানাতে হবে- এটা যাতে না হয় সেজন্য নীতিমালাটা করব। অংশীজনদের সঙ্গে আলোচনা করে সংস্কার কমিশন রিপোর্ট প্রস্তুত করবে। রাজনৈতিক দলের সাথে আলোচনার ব্যাপারে আমাদের রিজার্ভেশন রয়েছে। আমরা সুপারিশ দেব। সেটি নিয়ে হয়তো রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলবে উপদেষ্টা পরিষদ।
কমিশন প্রধান বলেন, বিচার বিভাগ সংস্কার কমিশনের কার্যক্রম নিয়ে সরকার থেকে এখনো কোনো গাইডলাইন আমরা পাইনি। হয়তো এরই মধ্যে পেয়ে যাব। আমরা জনসাধারণের সুবিধা কিভাবে হয় সেটি দেখব। বিচারকার্য বিলম্ব যেন না হয় এবং বিচার প্রার্থীর খরচ যেন কম হয় এ বিষয়টি নিশ্চিতে সুপারিশ করব।
'ভারত ছেড়ে শেখ হাসিনা কোথাও যাননি'