নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর ও কাউন্সিলের সব পদে নার্স নিয়োগ দিতে নতুন অর্গানেগ্রাম গঠনের জন্য আগামী ডিসেম্বর পর্যন্ত সময় চেয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। উপদেষ্টার এমন আশ্বাসে ডিসেম্বর পর্যন্ত সব ধরণের কর্মসূচি স্থগিত করেছে নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদ।
এ বিষয়ে মঙ্গলবার (৮ অক্টোবর) রাতে পরিষদের অন্যতম সদস্য সাব্বির মাহমুদ তিহান দেশ রূপান্তরকে বলেন, স্বাস্থ্য উপদেষ্টার সঙ্গে আমাদের প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
সেখানে সিদ্ধান্ত হয়েছে, আপাতত যে দু’টি পোস্টে স্বাস্থ্য মন্ত্রণালয় নার্স দিয়েছিল, ওই দু’টি বহাল থাকবে। অর্গানোগ্রাম না হওয়া পর্যন্ত এই দুটি পদসহ পরিচালক প্রশাসন ও মহাপরিচালক আপাতাত ক্যাডার সার্ভিস থেকেই দেওয়া হবে। অর্গানোগ্রাম ডিসেম্বরের আগে সম্পন্ন হবে না। এর মধ্যে আমলাতান্ত্রিক যে সব জটিলতা আছে, সেগুলোরও সমাধান হবে। পরে নতুন অর্গানোগ্রাম অনুযায়ি নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক, পরিচালক এবং কাউন্সিলের প্রেসিডেন্ট ও রেজিস্ট্রার পদ-সহ এই দুই প্রতিষ্ঠানের সব পদে যোগ্য ও অভিজ্ঞ নার্সদের পদায়ন করা হবে। বিশেষ করে অর্গানোগ্রাম প্রস্তুত করার জন্য স্বাস্থ্য উপদেষ্টা ডিসেম্বর পর্যন্ত সময় নিয়েছেন বলে জানান এই নার্স নেতা।
তিনি বলেন, এই আশ্বাসে ডিসেম্বর পর্যন্ত সব আন্দোলন স্থগিত করা হয়েছে। সাব্বির মাহমুদ তিহান আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস সংস্কারের জন্য সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার যে আহ্বান জানিয়েছেন, সেই আহ্বানকে স্বাগত জানিয়েছে নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদ। আমরাও নার্সিং সেক্টরে সংস্কার চাই। সে জন্য প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করছি।
এক দফা দাবিতে গত ৯ সেপ্টেম্বর থেকে নানা কর্মসূচি পালন করে আসছেন নার্সরা। ১ অক্টোবর সারাদেশে ৩ ঘণ্টার কর্মবিরতি পালন করেন তারা। পরদিন পাঁচ ঘন্টার কর্মবিরতির ডাক দিয়েছিলেন। কিন্তু প্রথমদিন কর্মবিরতি শেষে স্বাস্থ্য উপদেষ্টা দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলে কর্মসূচি স্থগিত করা হয়।
পরে ৬ অক্টোবর স্বাস্থ্য মন্ত্রণালয় সাময়িকভাবে দুজন নার্সিং কর্মকর্তাকে অধিদপ্তরে পরিচালক পদে পূর্ণ দায়িত্ব না দিয়ে নিজ দায়িত্বের অতিরিক্ত দায়িত্বে পদায়ন করে। এ কারণে নার্সরা ফের দুদিনের কর্মবিরতির ঘোষণা দেন এবং প্রথমদিন গতকাল চার ঘন্টার কর্মবিরতি পালন করেন তারা। পরে স্বাস্থ্য উপদেষ্টার ফের আশ্বাসে আবারও কর্মসূচি স্থগিত করে পরিষদ।
হস্তক্ষেপমুক্ত বিচার বিভাগ চাইব: কমিশন প্রধান
চট্টগ্রাম বন্দরের সব কাজ হবে উন্মুক্ত টেন্ডারে
'ভারত ছেড়ে শেখ হাসিনা কোথাও যাননি'