প্রয়াত আল-কায়েদা প্রধান ওসামা বিন লাদেনের ছেলে ওমর বিন লাদেনকে (৪৩) ফ্রান্স ছেড়ে যেতে বলা হয়েছে। স্যোশাল মিডিয়ায় এক মন্তব্যের জের ধরে তাকে এ নির্দেশ দেওয়া হয়েছে বলে মঙ্গলবার (০৮ অক্টোবর) জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
ওমরের জন্ম সৌদি আরবে। শৈশবও সেখানেই কেটেছে। এরপর তিনি সুদান ও আফগানিস্তানে ছিলেন। ছবি আঁকার জন্য তিনি ২০১৬ সাল থেকে উত্তর ফ্রান্সের নরম্যান্ডি এলাকায় বসবাস শুরু করেন।
ফ্রান্সের নতুন স্বরাষ্ট্রমন্ত্রী ব্রুনো রিটেইললেউ এক্সে (সাবেক টুইটার) বলেছেন, ওমর একজন ব্রিটিশ নাগরিকের স্বামী হিসেবে নরম্যান্ডি অঞ্চলের ওরনি ডিপার্টমেন্টে থাকতেন। গত বছর সন্ত্রাসবাদের প্রশংসা করে সোশ্যালে একটি পোস্ট দেন তিনি। এর পরিপ্রেক্ষিতে তাকে ফ্রান্স ছাড়ার আদেশ দেওয়া হয়েছে।
রয়টার্স জানিয়েছে, এর আগেই ওমরকে নির্বাসিত করা হয়। তবে নির্বাসিত করার পর তাকে কোথায় পাঠানো হয়েছে সে ব্যাপারে বিস্তারিত জানানো হয়নি। তিনি এরই মধ্যে ফ্রান্স ছেড়েছেন কি না তা এখনো পরিষ্কার নয়।
২০১১ সালের এপ্রিলে পাকিস্তানের অ্যাবোটাবাদে যুক্তরাষ্ট্রের বিশেষ অভিযানে নিহত হন ওসামা বিন লাদেন। তার ২০ জনের বেশি সন্তান ছিল।
কারাগারে সাবেক এমপি লতিফের ওপর হামলা