‘ওসমান পরিবারকে পালিয়ে যাওয়ার সুযোগ কে দিলেন?’

আপডেট : ০৮ অক্টোবর ২০২৪, ০৯:৫৮ পিএম

শেখ হাসিনা সরকারের পতনের পর নারায়ণগঞ্জের প্রভাবশালী ওসমান পরিবারের সদস্যরা দুবাই পালিয়েছেন বলে গুঞ্জন উঠেছে। ওসমান পরিবারকে পালিয়ে যাওয়ার সুযোগ কে দিলেন এ নিয়ে প্রশ্ন তুলেছেন সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক ও তানভীর মুহাম্মদ ত্বকীর বাবা রফিউর রাব্বি। তিনি বলেন, আমরা শুনছি ওসমান পরিবারের সবাই দেশ ছেড়ে পালিয়ে গেছেন। যদি তারা পালিয়ে যেতে পারেন তাহলে তাদের পালিয়ে যাওয়ার সুযোগ কে দিলেন?

মঙ্গলবার (৮ অক্টোবর) সন্ধ্যায় শহরের চাষাঢ়াস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে ত্বকী হত্যার ১৩৯ মাস উপলক্ষে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের উদ্যোগে আয়োজিত আলোক প্রজ্বলন কর্মসূচিতে তিনি এ প্রশ্ন তুলেন।

রফিউর রাব্বি বলেন, শেখ হাসিনার হস্তক্ষেপে দীর্ঘদিন ত্বকী হত্যার বিচার কার্যক্রম আটকে থাকার পর অন্তবর্তীকালীন সরকারের সদিচ্ছার কারণে ত্বকী হত্যার বিচার পুনরায় শুরু হয়েছে। আমরা তাদের সাধুবাদ জানাই। তদন্তকারী সংস্থা র‌্যাব নতুন করে ৬ জনকে গ্রেপ্তার করেছেন। আমরা শুরু থেকেই বলে এসেছি এই হত্যার সঙ্গে শামীম ওসমান, অয়ন ওসমান জড়িত। এই হত্যার সঙ্গে জড়িত সবাইকে আইনের আওতায় নিয়ে আসতে হবে।

তিনি বলেন, যারা তাদের পালিয়ে যেতে সহযোগিতা করলেন সেসব সহযোগীরা এই সরকারের বিভিন্ন স্থানে যুক্ত রয়েছেন। তাই আজ আমরা সংশয় নিয়ে বলছি ত্বকী হত্যার তদন্তকাজ শেষ হওয়ার পর আমরা বুঝতে পারবো কতটা সুষ্ঠুভাবে তদন্ত সম্পন্ন হয়েছে।

সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক বলেন, নারায়ণগঞ্জের বিভিন্ন স্থানে শামীম ওসমানের লোকজন বসে আছেন। তারা এখনো ধরাছোঁয়ার বাইরে। শামীম ওসমানের কোনো লোকজন এখনো গ্রেপ্তার হয়নি। ১০-২০টি হত্যার পরও তাদের গ্রেপ্তার করা হচ্ছে না বরং প্রশাসন তাদের পাহারা দিয়ে রেখেছেন। তাহলে অবস্থার পরিবর্তন হয়েছে তা আমরা কীভাবে বুঝবো? সুতরাং দৃশ্যমান পরিবর্তন আমাদের সামনে আসতে হবে।

তিনি বলেন, বর্তমানে দেশ যেভাবে চলছে এর মধ্যে আমরা নতুন বাংলাদেশ কিংবা নতুন স্বাধীনতার কোনো আলামত খুঁজে পাচ্ছি না। আমরা ত্বকী হত্যার বিচারের সঙ্গে সাগর-রুনি হত্যার বিচার চেয়েছি। আশিক, বুল, চঞ্চলসহ ওসমান পরিবার দ্বারা সংঘঠিত সকল হত্যার বিচার চেয়েছি। আমরা এসব বিচার দ্রুত ও সুষ্ঠুভাবে দেখতে চাই।

এসময় আরও উপস্থিত ছিলেন কবি ও সাংবাদিক হালিম আজাদ, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম, নারায়ণগঞ্জ কমিউনিস্ট পার্টির সভাপতি হাফিজুল ইসলাম, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি ভবানী শঙ্কর রায়, সুশাসনের জন্য নাগরিক (সুজন) নারায়ণগঞ্জ জেলার সভাপতি ধীমান সাহা জুয়েল, গণসংহতি আন্দোলনের নারায়ণগঞ্জ জেলার সমন্বয়কারী তরিকুল সুজন, ছাত্র ফেডারেশনের নারায়ণগঞ্জ জেলার সভাপতি ফারহানা মানিক মুনা প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত