ইসরায়েলকে ‘ইহুদিবাদী সন্ত্রাসী সংগঠন’ বললেন এরদোয়ান

আপডেট : ০৯ অক্টোবর ২০২৪, ০৪:৫১ পিএম

গাজা ও লেবাননে হামলার জন্য ইসরায়েলকে একটি "ইহুদিবাদী সন্ত্রাসী সংগঠন" বলে অভিহিত করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। এছাড়া ইসরায়েলকে সমর্থন দেওয়ায় পশ্চিমা শক্তি বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের সমালোচনা করেছেন তিনি।

এরদোয়ান বলেন, যারা হাজার হাজার ফিলিস্তিনি শিশু, নারী, বেসামরিক মানুষকে হত্যার জন্য দায়ী সেই দানবকে যারা সাধুবাদ জানাবে ইতিহাস তাদের কখনো ক্ষমা করবে না।

পার্লামেন্টে তার ক্ষমতাসীন একে পার্টির আইনপ্রণেতাদের সাথে কথা বলার সময় এরদোয়ান আরও বলেন, সাম্প্রতিক দিনগুলোতে ইসরায়েল ও ইরানের মধ্যে আন্তঃসীমান্ত সংকট আঞ্চলিক সংঘাতের ঝুঁকি বাড়িয়ে দিয়েছে। আমরা বিশ্বাস করি, আমাদের আঞ্চলিক পরিবেশ বিবেচনা করে আমাদের আরও কথা বলা দরকার, আমাদের পুনর্মিলন দরকার।

এদিকে লেবাননও ফিলিস্তিনের অবরুদ্ধ ভূখণ্ড গাজার মতো ধ্বংসস্তূপে পরিণত হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। লেবাননের জনগণের উদ্দেশ্যে দেয়া এক ভিডিও ভাষণে নেতানিয়াহু বলেন, একটি দীর্ঘ যুদ্ধের অতল গহ্বরে পতিত হওয়া থেকে বাঁচানোর এবং গাজার মতো ধ্বংস ও দুর্ভোগের দিকে যাওয়ার আগে আপনাদের কাছে লেবাননকে বাঁচানোর একটি সুযোগ আছে।

লেবাননের জনগণকে উদ্দেশ্য করে তিনি আরও বলেন, আমি আপনাদের বলছি, আপনার দেশকে হিজবুল্লাহ থেকে মুক্ত করুন যাতে এই যুদ্ধ শেষ হয়। ভাষণে হিজবুল্লাহর সদ্য প্রয়াত নেতা হাসান নাসরুল্লাহর সম্ভাব্য উত্তরসূরিকে ইসরায়েল হত্যা করেছে বলে দাবি করেন নেতানিয়াহু। তার দাবি, হিজবুল্লাহ বহু বছর ধরে যেমন দুর্বল ছিল, এখন তার চেয়েও বেশি দুর্বল।

লেবাননের কর্মকর্তারা জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় ৩৬ জন নিহত ও ১৫০ জন আহত হয়েছে। এছাড়া হিজবুল্লাহও টানা তৃতীয় দিনের মতো ইসরায়েলের হাইফা বন্দরের দিকে রকেটের সিরিজ হামলা চালায়, এতে ১২ জন আহত হয়। তিন সপ্তাহের তীব্র ইসরায়েলি হামলা এবং স্থল অভিযানের ফলে দেশটিতে ১৪০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে এবং আরও ১২ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত