শক্তিশালী হারিকেন মিল্টন উপকূলের দিকে যত এগিয়ে যাচ্ছে, যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক-দুশ্চিন্তা তত বাড়ছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ফ্লোরিডার ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, “এটি এখন জীবন-মৃত্যুর বিষয়।”
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টাররের তথ্য মতে, ক্যাটাগরি পাঁচ মাত্রার ঘূর্ণিঝড় মিল্টন বর্তমানে বাতাসের গতিবেগ প্রতি ঘণ্টায় ১৬৫ মাইল বা ২৭০ কিলোমিটার নিয়ে ফ্লোরিডা অঙ্গরাজ্যের দিকে ধেয়ে আসছে।
মার্কিন আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে, স্থানীয় সময় বুধবার রাতে ফ্লোরিডার জনবহুল টাম্পা বে’র উপকূলে আছড়ে পড়তে পারে মিল্টন। ঘূর্ণিঝড় হেলেনের তাণ্ডবে বিপুল প্রাণহানি আর ধ্বংসযজ্ঞের পর এবার হারিকেন মিল্টনও বড় ধরনের তাণ্ডব চালাবে বলে আশঙ্কা করা হচ্ছে। সে কারণে এখন শেষ মুহূর্তের প্রস্তুতি নিতে ব্যস্ত উপকূলের বাসিন্দারা।
মারাত্মক ও শক্তিশালী ঘূর্ণিঝড়টি প্রচণ্ড ঝড়ো বাতাস ও উঁচু ঢেউ নিয়ে উপকূল ভাগে আছড়ে পড়তে পারে। বিশেষ করে ঘনবসতিপূর্ণ ট্যাম্পা বে অঞ্চল মারাত্মক ঝুঁকিতে রয়েছে। ঝড়ের প্রভাবে উপকূলীয় এলাকায় ভারী বৃষ্টি, আকস্মিক বন্যার শংকা করা হচ্ছে। এই এলাকায় ৩০ লাখের বেশি মানুষ বসবাস করে। তাদের নিরাপদ জায়গায় সরে যেতে বলা হয়েছে।
তাই নিরাপদ আশ্রয়ের খোঁজে এলাকা ছাড়ছেন মার্কিন এই রাজ্যের লাখ লাখ বাসিন্দা। এরই মধ্যে হাজার হাজার মানুষ ফ্লোরিডা ছেড়ে নিরাপদ জায়গায় আশ্রয় নিয়েছে। রাস্তায় সৃষ্টি হয়েছে ব্যাপক যানজট ও পেট্রল পাম্পগুলোতে দেখা দিয়েছে তীব্র জ্বালানি সংকট।
প্রেসিডেন্ট বাইডেন মঙ্গলবার সবাইকে সতর্ক করে বলেছেন, হারিকেন মিল্টন এই শতাব্দীতে মার্কিন উপকূলে আছড়ে পড়া সবচেয়ে বিধ্বংসী ঝড়গুলোর একটি হতে পারে। ঝড়ের প্রভাবে ফ্লোরিডায় ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা প্রকাশ করে তিনি ঝুঁকিপূর্ণ এলাকাগুলো অবিলম্বে খালি করতে নাগরিকদের প্রতি অনুরোধ জানান। মিল্টনের প্রস্তুতি এবং হারিকেন হেলেনের ক্ষতি সামাল ওঠার জন্য বাইডেন তার জার্মানি এবং অ্যাঙ্গোলা সফর বাতিল করেছেন।
প্রেসিডেন্ট জো বাইডেন নর্থ ক্যারোলাইনায় আরও ৫০০ সেনা মোতায়েনের নির্দেশ দিয়েছেন। সব মিলিয়ে দেড় হাজার সেনা সদস্য এই দুর্যোগের মধ্যে মানুষকে সহায়তায় ন্যাশনাল গার্ডের সঙ্গে কাজ করবে। দুর্যোগ মোকাবেলায় বাইডেন এ পর্যন্ত প্রায় ১৪ কোটি ডলারের ফেডারেল সহায়তা অনুমোদন করেছেন।
ইসরায়েলকে ‘ইহুদিবাদী সন্ত্রাসী সংগঠন’ বললেন এরদোয়ান