ভারতের গুজরাটে বোনাস না দেওয়ায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন এক রত্নশিল্পী। তার পরিবারের দাবি, তিনি যে হিরা সংস্থায় কাজ করতেন তারা বোনাস আটকে রেখেছিল। সে কারণেই গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয়েছেন ওই রত্নশিল্পী।
মৃতের নাম রামনাগিনা সিংহ। তিনি এশিয়ান স্টার ডায়মন্ড সংস্থায় কাজ করতেন। তার পরিবারের দাবি, দুদিন আগে ওই সংস্থা জানিয়েছিল এ বছর কর্মীদের বোনাস দেওয়া হবে না। হিরার বাজারে মন্দার কারণে এ সিদ্ধান্ত নিয়েছিল তারা। তারপরেই অবসাদে ভেঙে পড়েন রামনাগিনা।
পুলিশ তদন্তে নেমে জেনেছে, ওই সংস্থার অন্য কর্মীরা বোনাসের দাবিতে গত কয়েকদিন ধরে বিক্ষোভ দেখাচ্ছেন। প্রায় ৫০০ জন কর্মী নিযুক্ত রয়েছেন সংস্থায়। তাদের দাবি, আগে মাসে ৫০ হাজার রুপির মতো বেতন পেতেন। গত কয়েক মাস ধরে সেই বেতন কমে গেছে। এখন মাসে ১৫ থেকে ২০ হাজার রুপি পান। এই পরিস্থিতিতে বোনাস দিতেও অস্বীকার করেছে কর্তৃপক্ষ। তাতেই ভেঙে পড়েন রামনাগিনা।
সূত্রের খবর, গত তিন বছর ধরেই মন্দা চলছে হিরার বাজারে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, ইসরায়েলের পরিস্থিতি এর কারণ। সুরতে সারা দেশ থেকে প্রায় আট লাখ রত্নশিল্পী কাজ করতেন। সম্প্রতি শুরু হয়েছে কর্মী ছাঁটাই।
কারাগারে নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল 