পদত্যাগের ঘোষণা দিয়েও রক্ষা পেলেন না আ.লীগ নেতা

আপডেট : ১০ অক্টোবর ২০২৪, ০৩:১৮ পিএম

পদত্যাগের ঘোষণা দিয়েও রক্ষা পেলেন না গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শমেস উদ্দীন বাবু। বুধবার রাতে উপজেলার বামনডাঙ্গা স্টেশন এলাকার থেকে তাকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। 

জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি মো. বুলবুল ইসলাম জানান, গ্রেপ্তারের পর আসামিকে গাইবান্ধা সদর থানায় রাখা হয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।

শমেস উদ্দীন বাবু (৬২) বামনডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। গত ২৭ আগস্ট নিজ বাড়িতে সাংবাদিকদের ডেকে আওয়ামী লীগের সদস্য ও সভাপতির পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন। অসুস্থতার কারণ দেখিয়ে স্বেচ্ছায় অব্যাহতি নিয়ে সেসময় একটি ঘোষণাপত্রেও স্বাক্ষর করেন বাবু। তিনি একই ইউনিয়নের মনমথ গ্রামের মৃত ওসমান মণ্ডলের ছেলে। 

জানা গেছে, আওয়ামী লীগের এই নেতা দলীয় প্রতীকে ২০২১ সালে বামনডাঙ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বীতা করে পরাজিত হন। গত ৪ আগস্ট বিকেল চারটার দিকে জেলা শহরের সার্কুলার রোর্ডস্থ গাইবান্ধা জেলা বিএনপি কার্যালয় ভাঙচুর, অগ্নিসংযোগ ও ককটেল হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় গত ২৬ আগস্ট বাবুসহ আওয়ামী লীগের নেতাকর্মীর বিরুদ্ধে সদর থানায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা হয়। জেলা বিএনপির দপ্তর সম্পাদক আবদুল হাই বাদী হয়ে এ মামলা করেন। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত