রাজধানীর কারওয়ান বাজারের কিচেন মার্কেট এলাকায় ডিম, ব্রয়লার মুরগি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে দেখা গেছে, কিছু ব্যবসায়ী পাকা রসিদ সংরক্ষণ ও সরবরাহ করছেন না। দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শন করা হচ্ছে না। একই ব্যবসায়ী ভুয়া মানি রিসিট তৈরি করে বাজারকে অস্বাভাবিক করার চেষ্টা করছেন।
এসব অপরাধের জন্য তিনটি প্রতিষ্ঠানকে ৩৮ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
গতকাল বুধবার ওই বাজারসহ ঢাকা মহানগরসহ সারা দেশে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক ডিম, ব্রয়লার মুরগি, আলু, ডাল, পেঁয়াজ, রসুন, আদা ও ভোজ্য তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখার লক্ষ্যে বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়।
ঢাকা মেট্রোপলিটন এলাকায় অধিদপ্তরের ছয়জন কর্মকর্তার নেতৃত্বে ছয়টি টিম কর্তৃক ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়। এ ছাড়া সারা দেশের ৪৮টি জেলায় অধিদপ্তরের ৫৩টি টিম কর্তৃক পরিচালিত অভিযানে ১১৬টি প্রতিষ্ঠানকে ৭ লাখ ১৭ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।
