মুরাদনগরে সালিশি বৈঠকে যুবককে কুপিয়ে হত্যা

আপডেট : ১১ অক্টোবর ২০২৪, ০৪:৩০ পিএম

কুমিল্লার মুরাদনগর উপজেলায় পাওনা টাকা নিয়ে সালিশি বৈঠক চলাকালে ছুরি দিয়ে এলোপাথারি কুপিয়ে এক যুবককে হত্যা করা হয়েছে। এ সময় আরো ৩ জন গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) রাতে উপজেলার নবীপুর পশ্চিম ইউনিয়নের নবীপুর বাজারে এই হতাহতের ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে মারুফ (১৯) নামের একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।

নিহত রাজিব হোসেন (৩২) উপজেলার নবীপুর পশ্চিম ইউনিয়নের রহিমপুর গ্রামের মৃত খলিল মিয়ার ছেলে।

আহতরা হলেন- নবীপুর গ্রামের মাছ ব্যবসায়ী মোজাফ্ফর হোসেন (৫০) ও তার ছেলে আক্তার হোসেন (৩০) ও জসিম উদ্দিন (৫৫) । আটককৃত মারুফ উপজেলার যাত্রাপুর ইউনিয়নের মোচাগড়া গ্রামের আবুল কালামের ছেলে।

আহত আক্তারের স্ত্রী রাবেয়া বলেন, আমার ননদ নিলুফা বেগম উপজেলার যাত্রাপুর গ্রামের শিড়িনা বেগমের থেকে ১০হাজার টাকা ধার আনেন। ধারের টাকা দিতে না পাড়ায় এই টাকার জন্য বেশ কয়েকবার সালিশ বৈঠক হলেও কোনো সুরাহা হয়নি। পাওনা টাকা জন্য বৃহস্পতিবার রাতে ননদ ও স্বামীকে তুলে নেওয়ার জন্য শিড়িনা বেগম ৮/১০ জনের একটি বখাটেদল নিয়ে আমার শ্বশুর বাড়িতে আসে। এ সময় আমাদের সাথে তাদের হাতাহাতি হয়। এরপর স্থানীয়রা বিষয়টি মীমাংসার জন্য উভয়পক্ষকে নিয়ে নবীপুর বাজারে কামাল মাস্টারের অফিসে সালিশ বৈঠক বসে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সালিশ চলাকালে অফিসের বাইরে শিড়িনা বেগমের সাথে আসা মারুফ, মারফতসহ কয়েকজন রাবেয়া বেগমকে লাথি মেরে ফেলে দেয়। এ সময় রাবেয়ার স্বামীর বন্ধু রাজিব রাবেয়াকে উঠাতে গেলে মারুফ, মারফত, কোমর থেকে ছুরি বের করে রাজিবের বুকে ও শরীরে এলোপাথারি আঘাত করতে থাকে। এ সময় রাজিবকে বাঁচাতে আসলে তার বন্ধু আক্তার হোসেন ও তার বাবা মোজাফ্ফর এবং কাকা জসিম উদ্দিনকেও কুপিয়ে গুরুতর আহত করে।

এ সময় স্থানীয়রা মারুফ নামের একজন হামলাকারী আটক করে এবং আহতদের উদ্ধার করে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক রাজিব হোসেনকে মৃত ঘোষণা করেন এবং আহতদের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল হক বলেন, হত্যার ঘটনায় একজনকে আটক করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যা মামলার প্রস্তুতি চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত