রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের দুই ইউপি সদস্যকে পরকীয়ার অভিযোগ এনে দোকানে তুলে মারধর করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে বসন্তপুর ইউনিয়নের মহরাজপুর ব্রিজ এলাকায় এই ঘটনা ঘটে। এ ঘটনায় শনিবার রাজবাড়ী সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী ওই ইউপি সদস্য।
মারধরের শিকার ইউপি সদস্যরা হলেন- বসন্তপুর ৯নং ইউপি সদস্য উজ্জল সরকার ও ৪, ৫, ও ৬নং ওয়ার্ডের নারী সদস্য হেলেনা বেগম। গতকাল শুক্রবার তাদের মারপিট করার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। মারপিটের শিকার হওয়া ইউপি সদস্যের অভিযোগ, স্থানীয় যুবদলের নেতা ও তার সহযোগীরা এই নির্যাতন করেছেন।
জানা যায়, গত বৃহস্পতিবার রাতে ওই দুই ইউপি সদস্য দুর্গাপূজা দেখতে যান। রাত সাড়ে ১২টার দিকে ইউপি সদস্য হেলেনাকে তার বাড়িতে নামিয়ে দিতে যান আরেক ইউপি সদস্য উজ্জল সরকার। এ সময় রায়হান তার লোকজন নিয়ে পরকীয়ার অভিযোগ এনে তাদেরকে তুলে নিয়ে যান। পরে স্থানীয় মহারাজ ব্রিজ একটি দোকানের মধ্যে তাদেরকে আটকে রশি দিয়ে বেঁধে লাঁঠি দিয়ে মারধর করা হয়। মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
অভিযুক্ত রায়হান বসন্তপুর ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক। থানায় দেওয়া লিখিত অভিযোগে রায়হানের নামসহ চার পাঁচজনের নাম উল্লেখ করা করা হয়েছে।
ফেসবুকে ছড়িয়ে পড়া ৫ মিনিট ৪৬ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, দুজনকে একই রশি দিয়ে হাত পেছনে দিয়ে বেঁধে রাখা হয়েছে। তারপর কয়েকজন মিলে লাঠি দিয়ে তাদের মারধর করছে। মারধরের সাথে অকথ্য ভাষায় গালিগালাজও করতে শোনা যায়।
এ ঘটনায় রায়হান খান জানান, গত বৃহস্পতিবার রাত একটার দিকে তাদের আপত্তিকর অবস্থায় তারা দেখতে পান। এ সময় স্থানীয় যুবকরা তাদেরকে একটি দোকানে আটকে রেখে মারধর করে, এ সময় আমিও মারধর করি।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান বলেন, এই ঘটনায় একটি অভিযোগ পাওয়া গেছে। জড়িতদের গ্রেপ্তারের অভিযান চলমান আছে।
পতিত ফ্যাসিবাদ এখন অনলাইনে শক্তি প্রদর্শন করছে: উপদেষ্টা নাহিদ