কালিহাতি উপজেলার ঝিনাই নদীতে প্রতিমা বিসর্জন দিতে গিয়ে এক কিশোর নিহত হয়েছে। রবিবার (১৩ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে কালিহাতী পুরাতন থানা ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত অপু পাল (১৪) কালিহাতী টেক্সটাইল ভোকেশনাল ইন্সটিটিউটের নবম শ্রেণির শিক্ষার্থী কালিহাতি উপজেলার দক্ষিণ বেতডোবা গ্রামের বিষ্ণু পালের ছেলে। আহত কিশোর হলেন মনো পালের ছেলে নিরঞ্জন পাল।
কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম ভূঁইয়া বলেন, এই নদীতে প্রতি বছরের মতো এবারো প্রতিমা বিসর্জন দেওয়ার আগ মুহূর্তে নৌকা নিয়ে এলাকাবাসী ভ্রমণ করেন।
তিনি জানান, বিকাল ৪টার দিকে নৌকার স্পিড বেশি থাকার ফলে দুইটি নৌকা সংঘর্ষ হয়। স্থানীয়দের সহযোগিতায় পুলিশ অপু পালকে উদ্ধার করে কালিহাতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
