রাজধানীর মিরপুর এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে দেশি অস্ত্রসহ চারজনকে গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানা-পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন আজাদ হাওলাদার, মো. হান্নান হাওলাদার, মো. মিলন লাঠিয়াল ও আ. আজিজ হাওলাদার। গত শনিবার রাতে কল্যাণপুর ওভারব্রিজের নিচে অস্ত্রসহ ডাকাতির প্রস্তুতকালে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকালে তাদের কাছ থেকে একটি ছেনা (চাকুজাতীয় ধারালো অস্ত্র), একটি চাপাতি, একটি লোহার রড ও ডাকাতির কাজে ব্যবহৃত চারটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
গতকাল রবিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বলেন, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, কিছু লোক মিরপুর মডেল থানার কল্যাণপুর ওভারব্রিজের নিচে দেশীয় অস্ত্রসহ ডাকাতি করার উদ্দেশ্যে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে টহল পুলিশের দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় সাধারণ জনগণের সহায়তায় দেশীয় অস্ত্রসহ চারজনকে গ্রেপ্তার করা হয়।
