চট্টগ্রামে পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম পালিত

আপডেট : ১৫ অক্টোবর ২০২৪, ১০:০৫ পিএম

আজ ১১ রবিউস সানি ফাতেহা-ই-ইয়াজদাহম। হিজরি ৫৬১ সালের এই দিনে বিখ্যাত ইসলাম প্রচারক ও সুফি সাধক হজরত আবদুল কাদের জিলানি (রহ.) ইন্তেকাল করেন। তার মৃত্যুর দিনটিকেই ‘ফাতেহা-ই-ইয়াজদাহম’ হিসেবে পালন করা হয়।

এই দিনটি উপলক্ষে আজ মঙ্গলবার চট্টগ্রাম নগরের অক্সিজেন এলাকায় শহীদ নগর গাউসিয়া জামে মসজিদের পরিচালনা কমিটি ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে মিলাদ মাহফিল, আলোচনা সভা এবং 'চারদানা শিরনি' বিতরণ কর্মসুচি পালিত হয়।

মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ সিরাজ উদ্দিন বলেন, ‘সারা বিশ্বে সুফিবাদের প্রতিষ্ঠাতা হজরত আব্দুল কাদের জিলানী (রহ.) স্মরণে আমরা প্রতিবছর দিবসটি যথাযথ মর্যাদায় পালন করে থাকি।’

অনুষ্ঠানের অন্যতম আয়োজক পূর্ব শহীদ নগর  সমাজ পরিচালনা কমিটির সভাপতি আব্দুল কাদের জানান, মহান এই দিনের গুরুত্ব এবং  তাৎপর্য তুলে ধরে মিলাদ মাহফিল, আলোচনা সভা  আয়োজনের পাশাপাশি ২০টি বড় হাঁড়িতে চারদানা শিরনি তৈরি করে এলাকার ১৩ হাজার মানুষের মধ্যে বিতরণ করা হয়েছে।

তিনি জানান, মঙ্গলবার সকাল ৭টা থেকে বেলা ২টা পর্যন্ত ২৮০ কেজি চাউল, ১ হাজার ৩২০ কেজি গরুর দুধ, ৩৩০ কেজি মিছিরি এবং ৯০ কেজি ঘি দিয়ে চারদানা শিরনি তৈরি করা হয়।

আলোচনা সভায় দিবসটির তাৎপর্য তুলে ধরে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদরা বক্তব্য দেন। বক্তারা বলেন,  হজরত আবদুল কাদের জিলানি (রহ.) একজন মহান ইসলামী পণ্ডিত, সুফিসাধক এবং আধ্যাত্মিক নেতা। ১১১৬ সালে তিনি বাগদাদে জন্মগ্রহণ করেন। ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব এবং বিশেষত সুফিবাদে তার অবদান ও আধ্যাত্মিক শিক্ষার জন্য বিখ্যাত। তাকে ‘গাউসুল আজম’ বা ‘সর্বোচ্চ সাহায্যকারী’ হিসেবেও ডাকা হয়। তার শিক্ষা অনুসারে, আল্লাহর প্রতি গভীর বিশ্বাস, বিনম্রতা এবং মানবতার সেবা ছিল জীবনের মূল লক্ষ্য। ১১৬৬ সালের ২১ ফেব্রুয়ারি (১১ রবিউস সানি ৫৬১ হিজরী) ৮৭ বছর বয়সে ইন্তেকাল করেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত