নাটকীয়তার পর সেন্সর ছাড়পত্র পেল কঙ্গনার ‘ইমার্জেন্সি’ 

আপডেট : ১৭ অক্টোবর ২০২৪, ০৯:০৩ পিএম

ছবির ফার্স্ট লুক প্রকাশ্যে আসার পর থেকেই বিতর্কের সূত্রপাত। কঙ্গনা রানাউত পরিচালিত ‘ইমার্জেন্সি’ ছবিটির মুক্তি নিয়ে একের পর এক বিতর্ক, জল গড়িয়েছে আদালত পর্যন্ত। অবশেষে ছবি মুক্তিকে ঘিরে আইনি জট কাটার ইঙ্গিত মিলেছে।

কঙ্গনা দাবি করেছেন, সেন্সর বোর্ড তাদের ছবিকে ছাড়পত্র দিয়েছে।

বৃহস্পতিবার সমাজমাধ্যমে কঙ্গনা জানিয়েছেন, সেন্সর বোর্ডের পক্ষ থেকে ‘ইমার্জেন্সি’কে ছাড়পত্র দেওয়া হয়েছে। ইনস্টাগ্রামের স্টোরিতে কঙ্গনা লেখেন, ‘আমরা আমাদের ছবি ‘ইমার্জেন্সি’র জন্য সেন্সর বোর্ডের কাছ থেকে ছাড়পত্র হাতে পেয়েছি। খুব শীঘ্রই আমরা ছবি মুক্তির দিন ঘোষণা করব। আপনাদের ধৈর্য্য এবং সমর্থনের জন্য ধন্যবাদ।’

এই ছবিতে প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর চরিত্রে দেখা যাবে কঙ্গনাকে। চিত্রনাট্যও লিখেছেন তিনিই। কঙ্গনার এই ছবি শিখ ভাবাবেগে আঘাত করেছে বলে অভিযোগ শিরোমণি অকালি দলের। এমনকি, এই ছবির জন্য নাকি হুমকিও পেয়েছেন অভিনেত্রী। 

গত ৬ সেপ্টেম্বর মুক্তি পাওয়ার কথা থাকলেও সেসময় ছবি মুক্তির উপর স্থগিতাদেশ দেয় আদালত। এর পর সেন্সর বোর্ডের সঙ্গে নির্মাতাদের দীর্ঘ বিবাদ চলে আদালতে।

এখন সেন্সর বোর্ড ছবিটিকে অক্ষত অবস্থায় মুক্তির ছাড়পত্র দিয়েছে, নাকি নির্মাতাদের কয়েকটি দৃশ্য পরিবর্তন করতে হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। তবে ছবিটি যে মুক্তি পাবে, তা জেনে খুশি কঙ্গনার অনুরাগীরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত