সিরাজগঞ্জে বিএনপি নেতাকর্মীদের চাপে ভেঙে পড়ল মঞ্চ

আপডেট : ১৭ অক্টোবর ২০২৪, ০৯:১৪ পিএম

সিরাজগঞ্জে বিএনপির সম্প্রীতি সমাবেশ মঞ্চে নেতাকর্মীদের চাপে তিল ধারণের যেন জায়গা ছিল না। কেন্দ্রীয় বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী ও সম্প্রীতি সমাবেশের প্রধান অতিথি ইকবাল হাসান মাহমুদ টুকু মঞ্চে উঠার আগেই অতিরিক্ত নেতাকর্মীর চাপে মঞ্চটি ভেঙে পড়ে। 

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বিকেল ৫টার দিকে সিরাজগঞ্জ মহীদ শামসুদ্দিন গেইট এলাকায় জেলা বিএনপির আয়োজিত সম্প্রীতি সমাবেশে এ ঘটনা ঘটে। এতে উল্লাপাড়া-৪ আসনের সাবেক সংসদ সদস্য অ্যাড. শামসুল আলম, জেলা ও উপজেলার বিএনপির প্রায় ২০-২৫ জন নেতাকর্মী আহত হয়েছেন।

জানা যায়, মঞ্চে ইকবাল হাসান মাহমুদ টুকু বিকেল ৪টার দিকে সম্প্রীতি সমাবেশে উপস্থিত হন। এরআগে জেলা বিএনপি ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এ সময় রাজশাহী বিভাগীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম আলীমের বক্তব্য চলাকালে এ দুর্ঘটনা ঘটে। এ সময় জেলা বিএনপির সহ-সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা, যুগ্ম-সম্পাদক রাশেদুল হাসান রঞ্জন, তাড়াশ উপজেলা বিএনপির সভাপতি স.ম আফসার আলী, সাধারণ সম্পাদক আমিনুর রহমান টুটুসহ প্রায় ২০-২৫ জন নেতাকর্মী আহত হয়।

তাড়াশ উপজেলা বিএনপির সভাপতি স.ম আফসার আলী বলেন, দীর্ঘ ২ বছর পর ইকবাল হাসান মাহমুদ টুকু ভাই সিরাজগঞ্জে আগমন উপলক্ষে তাকে একনজর দেখার জন্য অনেকে মঞ্চে উঠে পড়েন। এ কারণে এ ঘটনা ঘটে। এতে আমিসহ জেলা ও উপজেলার প্রায় ২০-২৫ জন নেতাকর্মী আহত হয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত