জাতীয় লিগে ক্রিকেটার ও কোচদের সঙ্গে এবার মনোবিদ

আপডেট : ১৮ অক্টোবর ২০২৪, ০৯:১৮ পিএম

ক্রিকেটের জন্মস্থানখ্যাত ইংল্যান্ডে কাউন্টিতে ভালো করলেই ক্রিকেটাররা জাতীয় দলের টেস্ট স্কোয়াডে জায়গা পান। অস্ট্রেলিয়ার শেফিল্ড শিল্ড, ভারতের রঞ্জি খেলেই আসতে হয় জাতীয় দলে। বাংলাদেশের তেমনি জাতীয় ক্রিকেট লিগ খেলেই একসময় মোহাম্মদ আশরাফুল, সাকিব আল হাসানরা গায়ে জড়িয়েছেন জাতীয় দলের জার্সি। ৪ দিনের এই টুর্নামেন্ট তাই ক্রিকেটারদের জন্য কুলিন সংস্করণের জন্য নিজেকে প্রস্তুত করার মঞ্চ। সেই লিগ শুরু হচ্ছে শনিবার থেকে।

যদিও দীর্ঘদিন ধরে এই টুর্নামেন্ট ছিল অযত্ন আর অবহেলায়। আম্পায়ারিং নিয়ে একসময় বিতর্ক ছিল নিত্যনৈমিত্তিক ব্যাপার। যদিও সবশেষ কয়েক আসর সেটা প্রায় হ্রাস পেয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পর সরকার পতনের সঙ্গে ক্রিকেট বোর্ডেও এসেছে বদল। ফারুক আহমেদের নেতৃত্বাধীন বিসিবি এবার আরও গোছানো আয়োজনের দিকে দিচ্ছে মনোযোগ।

সবশেষ কয়েকটি আসরে ছিল না পৃষ্ঠপোষক। এবার জাতীয় ক্রিকেট লিগের পৃষ্ঠপোষেকতা করছে মধুমতি ব্যাংক। পাশাপাশি টুর্নামেন্ট চলাকালে ক্রিকেটার ও কোচদের সঙ্গে কাজ করবেন একজন মনোবিদ। এসব বিষয় জানিয়েছেন বিসিবির পরিচালক নাজমুল আবেদীন ফাহিম। 

আজ থেকে শুরু হচ্ছে জাতীয় লিগ

শুক্রবার সংবাদ সম্মেলনে করে তিনি বলেন, ‘ক্রিকেট বোর্ডের একজন মনোবিদ আছে। যিনি প্রয়োজনে আসেন, এইচপিতে কাজ করেন। তার সঙ্গে নিয়মিত জাতীয় লিগের কোচ-অধিনায়করা বেশ অনেকগুলো সেশন করবে অনলাইনে। ধারণাটা হচ্ছে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট কীভাবে খেলানো যায়, ওই সংস্কৃতিটা কীভাবে আমরা এখানে ঢোকাতে পারি।’

তিনি আরও বলেন, ‘আমরা যদি অস্ট্রেলিয়া ধরি বা ইংল্যান্ড, এমনকি ভারতও; তাদের ঘরোয়া ক্রিকেটে  প্রতিদ্বন্দ্বিতা আছে। এখানে গর্বের ব্যাপার আছে। ওই লেভেলের ক্রিকেটে সফল হওয়াটা খুব গুরুত্বপূর্ণ। ওই জিনিসটা কিন্তু আমরা এখানে তেমন দেখি না। সেই ব্যাপারগুলো কীভাবে আনা যায় সেটারও একটা চেষ্টা থাকবে।’

ক্রিকেটারদের গুরু হিসেবে পরিচিত ফাহিম জানিয়েছেন, জাতীয় ক্রিকেট লিগে এবার চ্যাম্পিয়ন দলকে দেওয়া হবে ৩০ লাখ টাকা, রানারআপ পাবে ১৫ লাখ টাকা। এছাড়া সর্বোচ্চ রান সংগ্রাহক ব্যাটার ও সর্বোচ্চ উইকেট নেওয়া বোলার পাবেন এক লাখ টাকা করে। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় পাবেন ২ লাখ টাকা। ম্যাচসেরা হলে ৩০ হাজার ও প্রতিটি জয়ের জন্য দেওয়া হবে ৮০ হাজার টাকা।

বরাবরের মতোই আটটি দল অংশ নিচ্ছে এবারও। ঢাকা বিভাগ, ঢাকা মেট্টো, রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগ খেলবে এনসিএলে। তবে গত বছর পর্যন্ত টায়ার ১ ও টায়ার ২ হয়ে দুই ভাগে টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছিল। এবার হচ্ছে রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে। শনিবার থেকেই মাঠে গড়াচ্ছে জাতীয় লিগের এবারের আসর।

খুলনার শেখ আবু নাসের ক্রিকেট স্টেডিয়ামে উদ্বোধনী দিনে বর্তমান চ্যাম্পিয়ন ঢাকার মুখোমুখি হবে সিলেট। এছাড়া সিলেটের দুটি মাঠ, কক্সবাজারের দুটি মাঠ, বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম, রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়াম, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম ও মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে হবে ম্যাচগুলো।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত