শিখ নেতাকে হত্যাচেষ্টার অভিযোগ যুক্তরাষ্ট্রের

আপডেট : ১৯ অক্টোবর ২০২৪, ১২:৫৮ এএম

নিউ ইয়র্কে শিখ বিচ্ছিন্নতাবাদী ও ভারত সরকারের সমালোচক আমেরিকান নাগরিক গুরপতবন্ত সিং পান্নুনকে হত্যাচেষ্টার ঘটনায় ভারতীয় গোয়েন্দা কর্মকর্তাকে অভিযুক্ত করেছে যুক্তরাষ্ট্র। বিকাশ যাদব নামের ওই ভারতীয় কর্মকর্তার বিরুদ্ধে ‘হত্যার জন্য ভাড়া ও অর্থ পাচার করার অভিযোগ’ দায়ের করা হয়েছে। নিউ ইয়র্কের সাউদার্ন ডিস্ট্রিক্টের অ্যাটর্নি কার্যালয় গত বৃহস্পতিবার এই ঘোষণা দেয়। যুক্তরাষ্ট্রের অভিযোগ, বিকাশ যাদব পান্নুনকে হত্যার ষড়যন্ত্রের পেছনে মূল পরিকল্পনাকারী। তিনি ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইংয়ের (র) সাবেক কর্মকর্তা।

এক বিবৃতিতে অ্যাটর্নি কার্যালয় জানায়, ভিন্নমতাবলম্বীকে হত্যার চেষ্টার সঙ্গে জড়িত হওয়ার কারণে যাদবের বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে প্রথমবার যুক্তরাষ্ট্রে ভারত সরকারের হস্তক্ষেপে ঘটনা ঘটল। এই মামলায় আরেক অভিযুক্ত ভারতীয় নাগরিক নিখিল গুপ্তাকে চলতি বছরের শুরুর দিকে প্রাগের একটি কারাগার থেকে যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণ করা হয়। তবে যাদবের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগের বিষয়ে এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি ভারত সরকার। তবে যুক্তরাষ্ট্রে চলমান তদন্তে সহযোগিতা করার কথা জানিয়েছে দিল্লি। শিখস ফর জাস্টিস গ্রুপের আইনি উপদেষ্টা পান্নুন। তিনি ভারতের পাঞ্জাবের একটি সার্বভৌম রাষ্ট্রের জন্য শিখ প্রচারণার একজন সোচ্চার সদস্য, যা খালিস্তান আন্দোলন নামে পরিচিত। শিখস ফর জাস্টিস ভারতে নিষিদ্ধ। তবে পান্নুন এই অভিযোগ অস্বীকার করে নিজেকে খালিস্তানের পক্ষে একজন সক্রিয় কর্মী বলে দাবি করেছেন। যুক্তরাষ্ট্রের জাতীয় তদন্ত সংস্থা (এফবিআই) পরিচালক ক্রিস্টোফার রে এক বিবৃতিতে বলেন, ‘যুক্তরাষ্ট্রে বসবাসকারীদের সাংবিধানিকভাবে সুরক্ষিত অধিকার চর্চার জন্য সহিংসতা বা প্রতিশোধ নেওয়ার প্রচেষ্টা এফবিআই সহ্য করবে না।’ ২০২৩ সালের মে মাসে নিখিল গুপ্তা নামে একজনকে এই কাজের জন্য নিয়োগ করেছিলেন। ভারতে গুপ্তার বিরুদ্ধে একটি মামলা খারিজ করার বিনিময়ে তাকে এ পরিকল্পনায় যুক্ত করা হয়। অভিযোগে আরও বলা হয়েছে, ‘গোয়েন্দা কর্মকর্তা যাদব ২০২৩ সালের জুন বা তার কাছাকাছি সময়ে গুপ্তকে পান্নুনের ব্যক্তিগত তথ্য সরবরাহ করে। তার মধ্যে রয়েছে নিউ ইয়র্ক সিটিতে ভুক্তভোগীর বাড়ির ঠিকানা, ভুক্তভোগীর ফোন নম্বর এবং প্রতিদিনের আচরণ সম্পর্কে বিস্তারিত তথ্য।

সাম্প্রতিক সময়ে বিদেশের মাটিতে ভারতীয় গোয়েন্দা কর্মকর্তাদের অপতৎপরতার খবর প্রকাশ্যে আসছে। গত সপ্তাহে কানাডার খালিস্তান আন্দোলনের নেতা হরদীপ সিং নিজ্জর খুনের ঘটনায় ভারত-কানাডার কূটনৈতিক সম্পর্ক তলানিতে গিয়ে পৌঁছেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত