ইউক্রেনের পূর্বাঞ্চলে তীব্র লড়াই

আপডেট : ১৯ অক্টোবর ২০২৪, ১২:০১ এএম

ইউক্রেনের পূর্বাঞ্চলের আরও একটি গ্রাম দখলে নেওয়ার দাবি করেছে রাশিয়া। স্থানীয় সময় বৃহস্পতিবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, অঞ্চলটির মাকসিমিলিয়ানিভকা গ্রামের নিয়ন্ত্রণ নিয়েছে রুশ সেনারা। তবে রয়টার্স স্বাধীনভাবে রাশিয়ার দাবি নিশ্চিত করতে পারেনি। মাকসিমিলিয়ানিভকা গ্রামটি রুশনিয়ন্ত্রিত আঞ্চলিক কেন্দ্র দোনেৎস্কের পশ্চিমে কুরাখোভ শহর থেকে ১০ কিলোমিটারেরও কম দূরত্বে অবস্থিত। কুরাখোভ সেক্টর এই অঞ্চলের মধ্য দিয়ে রাশিয়ার অগ্রগতির একটি কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। রাশিয়া প্রায় ৫০ কিলোমিটার উত্তরে পোকরভস্কের লজিস্টিক্যাল হাব নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করছে। ইউক্রেনের সামরিক বাহিনীর স্টাফ অব জেনারেল এক প্রতিবেদনে বলেন, কুরাখোভের কাছে ইউক্রেনীয় বাহিনীর সঙ্গে রুশ সেনাদের ৪৫টির সংঘর্ষের ঘটনা ঘটেছে। জনপ্রিয় ইউক্রেনীয় সামরিক ব্লগ ডিপস্টেটে মাকসিমিলিয়ানিভকার নিয়ন্ত্রণ নিয়ে লড়াইয়ের ফুটেজ প্রকাশ করেছে।

রাশিয়ার সঙ্গে যুদ্ধ শুরু করার জন্য ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে দায়ী করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ও আসন্ন নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। গত বৃহস্পতিবার এক পডকাস্টে এই মন্তব্য করেন তিনি। আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে জয় লাভ করলে ইউক্রেন ইস্যুতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতিতে আমূল পরিবর্তন আনার ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প। সঞ্চালক প্যাট্রিক বেট-ডেভিডের ওই পডকাস্টে ট্রাম্প বলেছেন, কেবল যুদ্ধ শেষ করতে ব্যর্থতা নয়, বরং যুদ্ধটা উসকে দেওয়ার দায় জেলেনস্কির।

তিনি বলেন, ‘আমি ইউক্রেনের মানুষের জন্য সমবেদনা অনুভব করছি। কিন্তু যুদ্ধ শুরু হতে দেওয়াই তার উচিত হয়নি। এটি শুরু থেকেই ছিল একটি হেরে যাওয়া যুদ্ধ। নির্বাচনী প্রচারণাকালে ক্রমাগত জেলেনস্কির সমালোচনা করে যাচ্ছেন ট্রাম্প। ২০২২ সালে যুদ্ধ বেঁধে যাওয়ার পর থেকে কোটি কোটি ডলারের সামরিক সহায়তা বাগানোর জন্য ইউক্রেনের প্রেসিডেন্টকে ‘বিশ্বের শ্রেষ্ঠ বিক্রেতা’ বলে একাধিকবার কটাক্ষ করেছেন রিপাবলিকান প্রার্থী। সেই সঙ্গে মস্কোর সঙ্গে সমঝোতা করতে ব্যর্থ হওয়ার দায় জেলেনস্কির কাঁধে চাপিয়ে দিয়েছেন ট্রাম্প। এ সময় পরামর্শ দিয়ে তিনি বলেন, প্রয়োজনে কিছু ভূখ- রাশিয়াকে ছেড়ে দিয়ে হলেও ইউক্রেনের উচিত শান্তিচুক্তি করে ফেলা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত