মৌরিতানিয়ায় সৌদির কোরআন প্রতিযোগিতা

আপডেট : ১৯ অক্টোবর ২০২৪, ০৭:৫৩ এএম

গত মঙ্গলবার (১৫ অক্টোবর) মৌরিতানিয়ার নোয়াকচোটে কোরআন ও হাদিস মুখস্থবিষয়ক কিং সালমান প্রতিযোগিতা অনুষ্ঠান উদ্বোধন করেছে সৌদি আরব। মৌরিতানিয়ার ইসলামবিষয়ক ও শিক্ষা মন্ত্রণালয়ের সহযোগিতায় সৌদির ইসলামবিষয়ক মন্ত্রণালয় কর্র্তৃক আয়োজিত এই অনুষ্ঠানটির চূড়ান্ত রাউন্ড অনুষ্ঠিত হবে আজ। এই প্রতিযোগিতায় পশ্চিম আফ্রিকার ১৬টি দেশ থেকে মোট ১৩৬ জন প্রতিযোগী অংশগ্রহণ করেছেন। বিচারকের প্যানেলে রয়েছেন ১০ জন ইসলামি বিশেষজ্ঞ। প্রতিযোগিতার মোট প্রাইজ মানি হলো ১২ লাখ ১৮ হাজার সৌদি রিয়াল, যা বিজয়ীদের প্রদান করা হবে। মৌরিতানিয়ার ইসলামবিষয়ক মন্ত্রী সিদি ইয়াহইয়া তাদের দেশে এমন প্রতিযোগিতার আয়োজন করায় সৌদি আরবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। মৌরিতানিয়ায় প্রতিযোগিতার পাশাপাশি সৌদি রাষ্ট্রদূত আবদুল আজিজ আল রাক্কাবি এক শিল্প প্রদর্শনীর উদ্বোধন করেন। সেখানে ১২টিরও বেশি ক্যাটাগরির শিল্পকর্মের প্রদর্শনী করা হয়। এর মধ্যে রয়েছে ফটোগ্রাফি, সৌদি পোশাক, বিভিন্ন আরবি ক্যালিগ্রাফি ইত্যাদি। এসব প্রদর্শনী ও প্রতিযোগিতার লক্ষ্য হলো আফ্রিকা ও সৌদি আরবের মধ্যে পারস্পরিক সম্পর্ক জোরদার করা, যাতে আফ্রিকান দেশগুলো ইসলামবিষয়ক মন্ত্রণালয়ের পরিষেবাগুলো থেকে উপকৃত হতে পারে। বাংলাদেশ, ভারত, পাকিস্তানসহ আশপাশের দেশগুলোর ধর্মবিষয়ক মন্ত্রণালয় ইচ্ছা করলে সৌদির ইসলামবিষয়ক মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে কোরআন-হাদিস মুখস্থবিষয়ক প্রতিযোগিতা এবং বিভিন্ন ইসলামি শিল্পকর্ম বা ক্যালিগ্রাফি প্রদর্শনীর আয়োজন করতে পারে।

যা এ অঞ্চলের মুসলিম ছেলে-মেয়েদের প্রতিভা বিকাশের ক্ষেত্রে অনেক সহায়ক হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত