নাটোরের বড়াইগ্রামে বাস ও ট্রাকের সংঘর্ষে শফিকুল ইসলাম (৩২) ও উৎসব দত্ত (২৪) নামে দুইজন নিহত হয়েছেন। শুক্রবার (১৮ অক্টোবর) রাত সাড়ে নয়টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের রেজুর মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত শফিকুল নীলফামারী জেলার ডিমলা উপজেলার নাওপাড়া গ্রামের লুৎফর রহমানের ছেলে এবং উৎসব রাজশাহীর পুঠিয়া বাজার এলাকার পরিতোষ কুমারের ছেলে। শফিকুল ইবনে সিনা ফার্মাসিউটিক্যালের বিক্রয় প্রতিনিধি ছিলেন।
বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. ইসমাইল হোসেন জানান, বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের রেজুর মোড় এলাকায় ন্যাশনাল ট্রাভেলসের একটি বাস ঢাকা থেকে রাজশাহী যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি মাছবাহী ট্রাক বাসটিকে অতিক্রম করার সময় সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই বাসের দুই যাত্রীর মৃত্যু হয়। এতে আরো দুইজন আহত হয়।
