গত বুধবার গাজার রাফাহ শহরের তাল আস-সুলতান এলাকায় ইসরায়েলি টহল সেনাদের অভিযানের সময় নিহত হন হামাসের প্রধান ইয়াহিয়া সিনওয়ার। সেনাদের গুলিবর্ষণে নিহত হন তিনি।
তবে তার ময়নাতদন্তে উঠে এসেছে আরও চাঞ্চল্যকর তথ্য। কীভাবে সিনওয়ারকে হত্যা করা হয়েছে? তা-ই বিশদে জানিয়েছে ইসরাইলের ন্যাশনাল সেন্টার অফ ফরেনসিক মেডিসিনের প্রধান প্যাথলজিস্ট।
তিনি জানান, মাথায় গুলি করে সিনওয়ারকে হত্যা করা হয়। এর পর ডিএনএ পরীক্ষার জন্য কেটে নেয়া হয় তার ডান হাতের আঙ্গুল। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।
প্রতিবেদনে বলা হয়, আইডিএফের একটি ইউনিট বুধবার রাফাহ অঞ্চলের তাল আল-সুলতান এলাকায় টহল দেওয়ার সময় তিনজন সশস্ত্র ব্যক্তিকে গুলি করে হত্যা করে। পরবর্তীতে তাদের মরদেহ সেখানেই ফেলে রেখে যায় তারা। পরের দিন বৃহস্পতিবার মরদেহ পরীক্ষা করার সময় একজনের সঙ্গে হামাস নেতার অদ্ভুত ধরনের মিল লক্ষ্য করা যায়।
সিনওয়ারের মৃত্যু নিশ্চিত করতে তার হাতের আঙুল কেটে নেন ইসরায়েলি সেনারা। পরবর্তীতে ডিএনএ পরীক্ষার মাধ্যমে নিশ্চিত করা হয় সেটি সিনওয়ারের মরদেহ।
ইসরায়েল ন্যাশনাল সেন্টার অব ফরেনসিক মেডিসিনের প্রধান প্যাথলজিস্ট চেন কুগেল সিএনএনকে জানান, ডিএনএ পরীক্ষা করে নিশ্চিত হওয়া যায় যে, মরদেহটি সিনওয়ারের। প্রথমে সেনারা তার দাঁত দেখে নিশ্চিত হওয়ার চেষ্টা চালায়। কিন্তু এর মাধ্যমে পুরোপুরি নিশ্চিত হওয়া যায়নি। সিনওয়ারের মাথায় গুলির আঘাত ছিল এবং মস্তিষ্কে গুরুতর আঘাত পেয়েছিলেন বলেও জানান কুগেল।
বর্তমানে সিনওয়ারের লাশ ইসরায়েলের কাছে আছে বলে জানিয়েছে সিএনএন। সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় বন্দি ইসরায়েলি জিম্মিদের মুক্তির বিনিময়ে এখন সিনওয়ারের মৃতদেহ দর কষাকষি হিসেবে ব্যবহার হতে পারে। স্থানীয় এক মিডিয়ার খবরে বলা হয়েছে, ইসরায়েলে গোপন স্থানে সিনওয়ারের লাশ রাখা হয়েছে।
হামাস প্রধান সিনওয়ারের মরদেহ নিয়ে ‘দর কষাকষি’ করতে চায় ইসরায়েল