জ্বালানি উপদেষ্টা বললেন

গণশুনানির মাধ্যমে গ্যাস-বিদ্যুতের দাম নির্ধারণ করা হবে

আপডেট : ২১ অক্টোবর ২০২৪, ০৭:২৭ এএম

সরকার নয়, এখন থেকে গণশুনানির মাধ্যমে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) গ্যাস ও বিদ্যুতের দাম নির্ধারণ করবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

বিদ্যুৎ ও জ্বালানি খাতের দুর্নীতির চক্র ভেঙে দেওয়া হয়েছে জানিয়ে উপদেষ্টা বলেন, গ্যাস অনুসন্ধানে বিগত সরকারের তেমন আগ্রহ ছিল না। বরং তারা জরুরি কারণ ও বাড়তি চাহিদা দেখিয়ে বিদ্যুৎকেন্দ্র তৈরি করেছে।

গতকাল রবিবার দুপুরে রাজধানীতে হোটেল সোনারগাঁওয়ে ফরেন ইনভেস্টর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফআইসিসিআই) আয়োজিত ‘সাসটেইনেবল এনার্জি ফর বাংলাদেশ’ সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ফাওজুল কবির খান বলেন, সরকার ২০২৫ সালের মধ্যে ৫০টি অনুসন্ধান কূপ খনন করতে চায়। এখন থেকে কোনো যোগসাজশের মাধ্যমে নয়, জ্বালানি খাতের সব কেনাকাটা উন্মুক্ত দরপত্রের মাধ্যমে হবে।

উপদেষ্টা বলেন, অন্তর্র্বর্তী সরকার কত দিন থাকবে, রাজনৈতিক দলগুলো তা জানতে চাচ্ছে। এতে জ্বালানি ও বিদ্যুৎ খাত নিয়ে সংস্কারে খুব বেশি সময় পাবে না বর্তমান সরকার। তিনি বলেন, ‘নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নিতে চাইলে আপত্তি নেই। তবে সরকারের কাছে বিদ্যুৎ বিক্রি করতে চাইলে অবশ্যই দরপত্রের মাধ্যমে আসতে হবে। সরকার ক্ষমতা নেয়, কিন্তু আমরা দায়িত্ব নিয়েছি। মন্ত্রণালয়ে এখন আর কোনো নির্ধারিত বিডার নেই।’

এ সময় ফাওজুল কবির বলেন, ‘ব্যক্তিগতভাবে আমার কোনো ঋণ নেই। কিন্তু সরকারের এই দপ্তরের দায়িত্ব নেওয়ার পর থেকেই আমার কাছে অনেকেই টাকা পায়। সীমান্ত দিয়ে যারা আমাদের বিদ্যুৎ দিচ্ছেন, তারা ডলার পান।’

প্রথাগত সরকারের থেকে বর্তমানে সবকিছু ভিন্নভাবে পরিচালিত হচ্ছে বলে জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ উপদেষ্টা। এফআইসিসিআই সদস্য ও জিই ভারনোভা বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর এজাজ নওশাদ আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ঢাকা বিশ^বিদ্যালয়ের অধ্যাপক বদরুল ইমাম, রেজোয়ান খান, সাংবাদিক মোল্লা আমজাদ প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত