নব্বই দশকের জনপ্রিয় কণ্ঠশিল্পী মনি কিশোরের মরদেহ শনিবার রাজধানীর রামপুরার বাসা থেকে উদ্ধার করে পুলিশ। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে তার স্বাভাবিক মৃত্যু হয়নি। মনি কিশোরের মৃত্যুতে সংগীতশিল্পী ও অভিনয়শিল্পীদের অনেকেই সামাজিক মাধ্যমে শোক প্রকাশ করেছেন। অনেকে স্মৃতিচারণা করেছেন। তাদের তালিকায় আছে অভিনেতা ওমর সানীও।
রোববার ( ২০ অক্টোবর) ওমর সানী তার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে মনি কিশোরকে নিয়ে একটি পোস্ট করেছেন। পোস্টে স্মৃতিচারণের পাশাপাশি গায়কের একটি গানের লাইন যুক্ত করেছেন তিনি।
ওমর সানী পোস্টে বলেন, ‘মনি কিশোর আমার বন্ধু ছিল। তার কয়েকটা গান আমার সঙ্গে মিশে একাকার হয়েছিল। সবসময় ফোন দিত। সবসময় রাগ করে বলতাম এত রাগ-অভিমান ভালো না, গান কর। ও আমাকে বলত শুধুই তোমার জন্য গান করব, বন্ধু চলে গেলা ফাঁকি দিয়ে। কি ছিলে আমার বলো না তুমি, আছি তো আগেরই মতো এখনও আমি।’
মূলত ‘কি ছিলে আমার’ গানটি ওমর সানী ও মনি কিশোরকে এক সুতায় বেঁধেছে। কেন না গানটি ব্যবহার করা হয়েছিল ওমর সানী অভিনীত ‘কে অপরাধী’ সিনেমায়। সেই গানে ঠোঁট মিলিয়েছিলেন ওমর সানী। ছবিটি তুমুল জনপ্রিয়তা পেয়েছিল সিনেমাটি। অন্যদিকে গানটি দিয়ে গোটা দেশ নেড়েচেড়ে দেন মনি কিশোর।
মনি কিশোর তার ক্যারিয়ারে পাঁচ শতাধিক গানে কণ্ঠ দিয়েছেন। মনির কিশোরের একক অ্যালবাম প্রকাশ হয়েছে ৩০টির বেশি। যার প্রায় সবগুলোই ছিল হিট। রেডিও ও টেলিভিশনের তালিকাভুক্ত শিল্পীও ছিলেন তিনি।
জনপ্রিয় গান ‘কী ছিলে আমার’ ছাড়াও ‘সেই দুটি চোখ কোথায় তোমার’, ‘তুমি শুধু আমারই জন্য’, ‘মুখে বলো ভালোবাসি’, ‘আমি মরে গেলে জানি তুমি’সহ আরও অনেক জনপ্রিয় গানে সুর দিয়েছেন মনি কিশোর।
