ইসরায়েলের হাইফা শহরের কাছের গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিগুলোতে রকেট নিক্ষেপের দাবি করেছে হিজবুল্লাহ। গতকাল মঙ্গলবার তেল আবিবের শহরতলিতে অবস্থিত দুটি গুরুত্বপূর্ণ ঘাঁটি এবং হাইফার পশ্চিমে একটি নৌঘাঁটিতে রকেট ছুড়েছে ইরান-সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠীটি। হিজবুল্লাহর হামলার পরে তেল আবিবে জরুরি অবস্থা ঘোষণা করা হয়। হিজবুল্লাহ জানিয়েছে, তারা ইসরায়েলি সামরিক গোয়েন্দা ইউনিট-৮২০০ এর ব্যবহৃত গ্লিলোট ঘাঁটি এবং তেল আবিবের উপকণ্ঠের নিরিত এলাকায় রকেট নিক্ষেপ করেছে। এছাড়া উত্তরের হাইফা বন্দর শহরের বাইরে একটি নৌঘাঁটিতেও হামলার দাবি করেছে গোষ্ঠীটি। তবে এসব হামলায় হতাহত ও ক্ষয়ক্ষতির কোনো তথ্য দেয়নি ইসরায়েল।
ইসরায়েলি কর্র্তৃপক্ষ জানিয়েছে, তেল আবিবের দক্ষিণ-পূর্ব অঞ্চলে লেবানন থেকে আসা একটি প্রজেক্টাইল খোলা মাঠে আঘাত হানে। সামরিক বাহিনীর দাবি, হিজবুল্লাহর বেশিরভাগ রকেটই আকাশ প্রতিরক্ষাব্যবস্থার মাধ্যমে ভূপাতিত করা হয়েছে। হামলার ঘটনায় তেল আবিবের বেন গুরিয়ান বিমানবন্দরের কার্যক্রম সাময়িক স্থগিত করা হয়।
এদিকে, ফিলিস্তিনের গাজা ও লেবাননের বৈরুতে ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। গতকাল মঙ্গলবার গাজায় শরণার্থীশিবির হিসেবে ব্যবহৃত একটি স্কুলসহ বিভিন্ন স্থানে হামলায় অন্তত ৪৫ জনের মৃত্যু হয়েছে। বৈরুতে একটি সরকারি হাসপাতালে চারজন নিহত হয়েছেন। এক বছরের বেশি সময় ধরে গাজায় চলা ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলার জেরে সেখানে বাস্তুচ্যুত
ফিলিস্তিনিরা আশ্রয় নিয়েছিলেন। গাজার উত্তরাঞ্চলের আরেক শহর বেইত হানুনের কেন্দ্রস্থলে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আরেকটি আশ্রয়স্থলে বোমা হামলা চালিয়েছে ইসরায়েল। এদিকে, গত সোমবার সিরিয়াতে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় হিজবুল্লাহর এক শীর্ষ নেতাসহ দুজন নিহত হয়েছেন। রাজধানী দামেস্কের কেন্দ্রে অবস্থিত অভিজাত অবকাশকেন্দ্র গোল্ডেন মাজ্জেহ হোটেলের কাছে একটি গাড়ি নিশানা করে ওই হামলা চালানো হয়। পরে এই হামলার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। নিহত হিজবুল্লাহ নেতার নাম প্রকাশ না করে সামরিক বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হ্যাগারি বলেন, হিজবুল্লাহর ‘ইউনিট ৪৪০০’-এর প্রধান ছাড়াও সংগঠনটির অর্থবিষয়ক কার্যক্রমের দায়িত্বে ছিলেন তিনি।
লেবাননে যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্রের কাছে একটি নথি হস্তান্তর করেছে ইসরায়েল। যুদ্ধ থামাতে তাতে কূটনৈতিক সমাধানের কথা বলা আছে। তবে এতে শর্ত বেঁধে দিয়েছে তেল আবিব। হিজবুল্লাহর বিরুদ্ধে লেবাননে অভিযান চালানোর সম্পূর্ণ অনুমতি দিলেই কেবলমাত্র যুদ্ধবিরতিতে রাজি হবে ইসরায়েল। তবে এখনো গাজার উত্তরাঞ্চলে মানবিক সহায়তা সরবরাহে ইসরায়েল বাধা দিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছে জাতিসংঘের ফিলিস্তিন বিষয়ক শরণার্থী সংস্থার প্রধান ফিলিপ লাজারিনি। হামাস অঞ্চলটিতে পুনরায় সংগঠিত হচ্ছে দাবি করে ইসরায়েলি বাহিনী খাবার, ও ওষুধের মতো গুরুত্বপূর্ণ ত্রাণ প্রবেশ করতে দিচ্ছে না। অন্যদিকে, ইরানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে সাত ইসরায়েলি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে।
