আরও শক্ত জোটের চেষ্টা পুতিনের

আপডেট : ২৩ অক্টোবর ২০২৪, ১২:২১ এএম

ইউক্রেনে আগ্রাসনের কারণে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা শক্তিধর দেশগুলো। রাশিয়ার অর্থনীতিকে বিশ্ববাজার থেকে বিচ্যুত করার লক্ষ্যে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। সেই সঙ্গে আন্তর্জাতিক ফৌজদারি আদালতে জারি করা গ্রেপ্তারি পরোয়ানা মাথার ওপর ঝুলছে পুতিনের। তবে এত কিছুর মধ্যেও বিশ্বের উদীয়মান অর্থনীতির ২০টিরও বেশি দেশের রাষ্ট্রপ্রধানদের নিয়ে ব্রিকস সম্মেলনের আয়োজন করেছে মস্কো। বিশেষজ্ঞদের মত, পশ্চিমা বিশ্বের নিষেধাজ্ঞা ও চাপ সামলে রাশিয়ার অগ্রযাত্রা অব্যাহত রয়েছে বিশ্বকে সেটি দেখাতেই এই বিশাল আয়োজন করেছে রাশিয়া।

রাশিয়ার কাজানে গতকাল মঙ্গলবার থেকে শুরু হওয়া এই সম্মেলন চলবে আগামী ২৪ অক্টোবর পর্যন্ত। এতে যেসব দেশের প্রধানদের আমন্ত্রণ জানানো হয়েছে, তার মধ্যে আছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানও। ক্রেমলিন এই সম্মেলনকে রাশিয়ায় পররাষ্ট্রনীতির এ যাবৎকালের সবচেয়ে বড় অনুষ্ঠান আখ্যা দিয়েছে। কনসালট্যান্সি ফার্ম ম্যাক্রো-অ্যাডভাইজরির সহ-প্রতিষ্ঠাতা ক্রিস ওয়েফার মনে করেন, এই সম্মেলনের মধ্য দিয়ে রাশিয়া এই স্পষ্ট বার্তা দিচ্ছে, রাশিয়াকে একঘরে করার চেষ্টা ব্যর্থ হয়েছে। ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকার আঞ্চলিক অর্থনীতির জোট ব্রিকস। দেশগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতার একটি বড় মঞ্চ এই ব্রিকস সম্মেলন। কূটনৈতিক, অর্থনৈতিক এবং বিশ্ব পরিবেশ-সংক্রান্ত একাধিক বিষয় নিয়ে আলোচনার জন্য এ মঞ্চ গুরুত্বপূর্ণ। পশ্চিমা-নেতৃত্বাধীন বিশ্বের পাল্টা ব্যবস্থা হিসেবে প্রায়ই ব্রিকসের কথা উল্লেখ করা হয়। পরে জোটটিতে যোগ দেয় মিসর, ইথিওপিয়া, ইরান এবং সংযুক্ত আরব আমিরাত। সৌদি আরবকেও ব্রিকসে যোগ দেওয়ার আমন্ত্রণ জানানো হয়েছে। রাশিয়ার কর্মকর্তারা বলছেন, আরও ৩০টি দেশ ব্রিকসে যোগ দিতে চায় কিংবা এই জোটের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক চায়। এই দেশগুলোর কয়েকটি চলমান এই সম্মেলনে যোগ দিয়েছে।

সম্মেলনে যোগ দিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। এতে তার তীব্র সমালোচনা করেছে ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়। এদিকে, ইউক্রেনকে ২৯৪ কোটি ডলার ঋণ দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। সেই সঙ্গে ইউক্রেনকে ড্রোন উৎপাদনের জন্য প্রায় ৮০ কোটি ডলারের একটি সহায়তা প্যাকেজ তৈরি করেছে যুক্তরাষ্ট্র।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত