কম দামে ডিম আলু কিনতে ট্রাকের পেছনে মানুষের ভিড়

আপডেট : ২৩ অক্টোবর ২০২৪, ০৭:২৮ এএম

মাত্রাতিরিক্ত দামের কারণে বাজারে ডিম-সবজির দাম যখন উত্তাপ ছড়াচ্ছে তখন চট্টগ্রামে সীমিত পরিসরে হলেও ক্রেতাদের কিছুটা স্বস্তি দিচ্ছে কৃষি বিপণন অধিদপ্তরের ট্রাকে ন্যায্য মূল্যের সবজির ট্রাক। আর সেই ট্রাকের পেছনে লম্বা লাইন পড়ছে মানুষের। গতকাল মঙ্গলবার চট্টগ্রাম নগরীর চকবাজারসহ কয়েকটি জায়গায় এমন দৃশ্য দেখা গেছে।

গতকাল থেকে নগরীর বিভিন্ন স্পটে এক ডজন ডিম ১৩০ টাকা, আলু এক কেজি ৩০ টাকা, পেঁপে ২০ টাকা, করলা ৪০ টাকা, পেঁয়াজ ৭০ টাকায় বিক্রি শুরু করেছে কৃষি বিপণন অধিদপ্তর। প্রথম দিনে চকবাজার, দেওয়ানহাট, আন্দরকিল্লা, ষোলশহর, ফিরিঙ্গিবাজার ও ফিরোজশাহ এলাকায় এ কার্যক্রম দেখা গেছে।

বেলা ১১টার দিকে ফিরিঙ্গি বাজার এলাকায় দেখা যায়, স্বল্পমূল্যে ডিম-সবজি কেনার জন্য কৃষি বিপণন অধিদপ্তরের ট্রাকের পেছনে নারী পুরুষের দীর্ঘ সারি।

আলকরণ থেকে এসে লাইনে দাঁড়িয়েছেন ষাটোর্ধ্ব ছালেহ আহমদ বলেন, একটি বাসায় দারোয়ানের চাকরি করি। কিন্তু বাজারে সবজি মাছ-মাংস, কোনোটাই কেনার অবস্থা নেই। তাই কম দামে সবজি ও ডিম বিক্রির খবর শুনে এখানে এসে লাইনে দাঁড়িয়েছি।’ পুরনো ফিশারি ঘাট এলাকার বাসিন্দা আবুল খায়ের বলেন, ‘দুর্মূল্যের এই বাজারে ১৬০-১৭০ টাকা ডজনে ডিম কেনার সামর্থ্য নেই। তাই এখান থেকে লাইনে দাঁড়িয়ে ১৩০ টাকায় এক ডজন ডিম কিনেছি আর ৩০ টাকায় এক কেজি আলু কিনেছি।’ এ ধরনের উদ্যোগের প্রশংসা করেন তিনি।

এর আগে সকালে নগরীর চকবাজারে স্বল্পমূল্যে ডিম-সবজি বিক্রির কার্যক্রমের উদ্বোধন করতে গিয়ে কৃষি বিপণন অধিদপ্তরের মহাপরিচালক মা. মাসুদ করিম বলেন, ‘সাম্প্রতিক বন্যায় দেশের বিভিন্ন এলাকায় সবজির ক্ষেত ডুবে গেছে। এর ফলে সবজির বাজারে এর প্রভাব পড়েছে। বাজার থেকে অতিরিক্ত দামে সবজি কেনা নিম্ন আয়ের মানুষের জন্য কঠিন হয়ে পড়েছে। এ পরিস্থিতিতে নিম্ন আয়ের মানুষের জন্য কৃষি বিপণন অধিদপ্তর এ কর্মসূচি হাতে নিয়েছে। এখন থেকে নিয়মিতভাবে এ কার্যক্রম চলবে বলে উল্লেখ করেন তিনি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত