টি-টোয়েন্টিতে ৩৪৪ রানের বিশ্বরেকর্ড গড়লো জিম্বাবুয়ে

আপডেট : ২৩ অক্টোবর ২০২৪, ০৭:৩৫ পিএম

কদিন আগে ২৮৬ রান করে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ইনিংসের বিশ্বরেকর্ড ভাঙার 'ট্রায়াল' দিয়েছিল জিম্বাবুয়ে। সেই ছন্দকে ধরে রেখে আজ সত্যি সত্যিই গড়েছে নতুন বিশ্বরেকর্ড। নাইরোবির রুয়ারাকা স্পোর্টস ক্লাব মাঠে টি-টোয়েন্টি বিশ্বকাপ সাব রিজিওনাল আফ্রিকা কোয়ালিফায়ার গ্রুপ বি-এর ম্যাচে গাম্বিয়ার বিপক্ষে ৪ উইকেটে ৩৪৪ রান করেছে। এর আগের রেকর্ডটি ছিল নেপালের ৩১৪। টেস্ট খেলুড়ে দেশের আগের সর্বোচ্চ রান ছিল কদিন আগে হায়দরাবাদে বাংলাদেশের বিপক্ষে ভারতের করা ২৯৭। 

অধিনায়ক সিকান্দার রাজার অবিশ্বাস্য ৪৩ বলে ১৩৩ রানের বিধ্বংসী ইনিংস তাদের এই বিশাল স্কোর গড়তে সাহায্য করে। তারা ২৭টি ছক্কা মেরে নেপালের ২৬টি ছক্কার রেকর্ডকেও ভেঙে দেয়। এর ১৫টি মেরেছেন সিকান্দার রাজা।

টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় জিম্বাবুয়ে। মাত্র ৬ ওভারেই ১০৩/১ স্কোর গড়ে তারা টি-টোয়েন্টি ইতিহাসে যা দ্বিতীয় সর্বোচ্চ পাওয়ারপ্লে স্কোর। ইনিংসের শুরুতেই ব্রায়ান বেনেটের ৫০ এবং তাদিওয়ানাশে মারুমানির ১৯ বলে ৬২ রানের বিধ্বংসী ইনিংস দলকে মজবুত ভিত দেয়। এরপর মাঠে আসেন অধিনায়ক সিকান্দার রাজা, যিনি আরও ভয়ঙ্কর হয়ে ওঠেন। মাত্র ৩৩ বলে সেঞ্চুরি করে তিনি টি-টোয়েন্টি ইতিহাসের যুগ্মভাবে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরির রেকর্ড করেন।


টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ইনিংস

জিম্বাবুয়ে: ৩৪৪/৪ বনাম গাম্বিয়া - ২০২৪
নেপাল: ৩১৪/৩ বনাম মঙ্গোলিয়া - ২০২৩
ভারত: ২৯৭/৬ বনাম বাংলাদেশ - ২০২৪
জিম্বাবুয়ে: ২৮৬/৫ বনাম সিশেলস-২০২৪
আফগানিস্তান: ২৭৮/৩ বনাম আয়ারল্যান্ড - ২০১৯
চেক প্রজাতন্ত্র: ২৭৮/৪ বনাম তুরস্ক - ২০১৯
মালয়েশিয়া: ২৬৮/৪ বনাম থাইল্যান্ড - ২০২৩
ইংল্যান্ড: ২৬৭/৩ বনাম ওয়েস্ট ইন্ডিজ - ২০২৩

×
সর্বশেষ সর্বাধিক পঠিত