জনতার আদালতে শেখ হাসিনার দৃষ্টান্তমূলক বিচার করতে হবে: মামুনুল হক

আপডেট : ২৫ অক্টোবর ২০২৪, ০৮:২৩ পিএম

জনতার আদালতে শেখ হাসিনার দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানিয়েছেন খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক। তিনি বলেছেন, শেখ হাসিনা যেখানে পালিয়ে থাকবে, সেখান থেকে তাকে ধরে এনে হাজার হাজার মানুষ হত্যার দায়ে জনতার আদালতে দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করতে হবে।

শুক্রবার (২৫ অক্টোবর) বিকেলে চাঁদপুর শহরের হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠে গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মামুনুল হক বলেন, স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে কয়েক হাজার হত্যা মামলা হওয়া উচিত। সেনাবাহিনী এবং বিডিআরকে মুখোমুখি দাঁড় করিয়ে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের অপরাধে শেখ হাসিনার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলা করতে হবে। এরপর সামরিক আইনের শেখ হাসিনার বিচার হওয়া উচিত। ২০১৩ সালে শাপলা চত্বরে জনতাকে হত্যার জন্য শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যা মামলা করতে হবে।

তিনি বলেন, স্বৈরাচার শেখ হাসিনা ও আওয়ামী দুঃশাসন বাংলাদেশের উন্নয়ন কিংবা জনগণের জন্য কাজ করেনি। বরং তারা আরেকটি দেশের স্বার্থে বাংলাদেশের ক্ষমতার মসনদকে পুঁজি করেছিল। এক্ষেত্রে আমি স্পষ্ট ভারতের নাম উল্লেখ করতে চাই। এখনো পর্যন্ত ভারত বাংলাদেশ বিরোধী তার মিশন থামায়নি, তারা ষড়যন্ত্রের পথ থেকে ফিরে আসেনি। বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া খুনি শেখ হাসিনা এবং তার দোসরদের ভারত আশ্রয় দিয়েছে।

এসময় পাচার করা টাকা দেশে ফিরিয়ে জনগণের কল্যাণে ব্যয় করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান খেলাফত মজলিসের মহাসচিব।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত