‘গণহত্যার জন্য আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি উঠেছে, কিন্তু আমরা চাই না’

আপডেট : ২৫ অক্টোবর ২০২৪, ০৮:৪৮ পিএম

বিএনপি আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবির পক্ষে নয় বলে জানিয়েছেন দলটির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন। তিনি বলেছেন, গণহত্যার জন্য আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি উঠেছে, কিন্তু আমরা নিষিদ্ধ চাই না। আমরা নিষিদ্ধের রাজনীতি বিশ্বাস করি না। আমরা ফাঁকা মাঠে গোল দিতে চাই না।

শুক্রবার (২৫ অক্টোবর) বিকালে নরসিংদী সদর উপজেলার করিমপুর ইউনিয়ন বিএনপি আয়োজিত কর্মীর সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খায়রুল কবির খোকন বলেন, আমরা চাই বিএনপি আগামী দিনে নির্বাচনে যাবে, ভোটাধিকার প্রতিষ্ঠা হবে, দেশের জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করবে। কারণ দেশের জনগণ স্বৈরাচারী সরকারের আমলে দীর্ঘ ১৭ বছর তাদের নিজেদের ভোট প্রয়োগ করতে পারেনি।

তিনি বলেন, সরকার সন্ত্রাসী সংগঠন হিসেবে ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে। কারণ দেশের জনগণ দেখেছে কোটা আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর নির্যাতন-নিপীড়ন চালিয়েছে এই ছাত্রলীগের নেতাকর্মীরা। যে সংগঠন জনগণের বিরুদ্ধে হত্যা নির্যাতনের কথা বলে, সে সংগঠনের রাজনীতি করার নৈতিক অধিকার নাই। ছাত্রলীগ ছিল আওয়ামী লীগের লাঠিয়াল বাহিনী।

করিমপুর ইউনিয়ন বিএনপি’র আহবায়ক আসাদুজ্জামান কাজলের সভাপতিত্বে ও সদস্য সচিব মনিরুল ইসলাম মনিরের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক আবু সালেহ চৌধুরী, নরসিংদী সদর উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, শহর বিএনপির সহসভাপতি কবির ভূঁইয়া, ইলিয়াস ভূঁইয়া, জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদসহ বিএনপি’র অন্যান্য নেতাকর্মীরা। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত