কাজলকে ‘দ্বিতীয় জয়া বচ্চন’ বলে আক্রমণ, অতঃপর ...

আপডেট : ২৫ অক্টোবর ২০২৪, ১০:৫৩ পিএম

বলিউডের এক সময়ের আলো ছড়ানো অভিনেত্রী কাজল দেবগন। এ তারকা অভিনেত্রী নানা কারণে অভিনয় থেকে অনেকটাই অনিয়মিত। তবে বিশেষ উৎসবের দিনগুলোতে তাকে বেশ সরব থাকতে দেখা যায়। সম্প্রতি বেশ কয়েকটি ক্লিপে কাজলকে প্রকাশ্যে বিরক্তি প্রকাশ করতে দেখা গেছে।

একটি ভিডিওতে, তিনি পাপারাজ্জিদের পিছু হটতে এবং বোকা প্রশ্ন এড়াতে বলছেন। অন্যদিকে তার দুর্গা পূজা উদযাপনের অন্য একটি ক্লিপে দেখা যাচ্ছে যে তিনি ফটোগ্রাফারদের সরে যাওয়ার অনুরোধ করছেন, বলছেন, ‘দয়া করে সরে যান।’ এমনকি জুতো পরে মূর্তির খুব কাছে আসার জন্য তিনি তাদের তিরস্কারও করেছিলেন।

এর জেরেই সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা তাকে ‘অভদ্র’ তকমা দিয়েছেন। কেউ কেউ ‘রাগী আন্টি’ জয়া বচ্চনের সঙ্গে তুলনা টানা শুরু করেছেন কাজলের।

এ বিষয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, তিনি মোটেই সবসময় রেগে থাকেন না। কোনো কোনো দিন মেজাজ খারাপ থাকে। দিনটাই হয়তো খারাপ যায়। তখন রাগ প্রকাশ করেন। তবে এই নিয়ে কোনো আফসোস নেই তার। রাগ দেখে লোকে কী ভাবছে, তার জন্য নিজের আচরণে কোনো পরিবর্তন আনতে নারাজ কাজল।

তিনি বলেন, আজকাল সব কিছুই সামাজিক যোগাযোগমাধ্যমে বিচার করা হয়। সেখানে তিনি ভণিতা করতে জানেন না। নিজে যেমন, তেমনভাবেই ক্যামেরার সামনে আসেন।

সেলিব্রিটিদের সবসময় সুন্দর চেহারা তুলে ধরতে হবে, এই অবাস্তব প্রত্যাশা বলে মনে করেন এ অভিনেত্রী।

শুক্রবার নেটফ্লিক্সে মুক্তি পেল কাজলের ছবি ‘দো পত্তি’। ছবিতে দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন কৃতি শ্যানন। আগামীতে ‘মহারাগিনী- কুইন অফ কুইনস’-এ দেখা মিলবে কাজলের। যে ছবিতে ২৭ বছর পর প্রভুদেবার সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন কাজল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত