জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে নিহত পুলিশ সদস্যদের সংখ্যা নিয়ে মিথ্যা ও ভুল তথ্য ছড়ানো হচ্ছে বলে জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কার্যালয়। গতকাল শুক্রবার প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্ততি এ কথা বলা হয়। গণ-অভ্যুত্থানে নিহত পুলিশ কর্মকর্তাদের একটি তালিকাও সরবরাহ করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। নিহত পুলিশ সদস্যদের নিয়ে মিথ্যা ও ভুল তথ্য ছড়ানোর কারণে পুলিশ সদর দপ্তর থেকে নাম, পদবি, কোন ইউনিটে কর্মরত ছিলেন এবং ঘটনাস্থল ও মৃত্যুর দিনক্ষণ উল্লেখ করে এই তালিকা প্রকাশ করা হয়েছে বলেও জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। প্রধান উপদেষ্টার কার্যালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আমরা লক্ষ করেছি যে কিছু নিউজ আউটলেট এবং কিছু ব্যক্তি ইচ্ছাকৃতভাবে জুলাই-আগস্টে শিক্ষার্থীদের নেতৃত্বে হওয়া গণ-অভ্যুত্থানে নিহত পুলিশ সদস্যদের সংখ্যা সম্পর্কে মিথ্যা এবং ভুল তথ্য ছড়াচ্ছে। গণ-অভ্যুত্থানে নিহত পুলিশ কর্মকর্তাদের প্রকৃত তালিকা পুলিশ সদর দপ্তর প্রকাশ করেছে। পুলিশ বিভাগ অত্যন্ত সতর্কতার সঙ্গে যেসব অফিসার বা কনস্টেবল প্রতিবাদ বা সহিংসতার ঘটনায় আহত বা নিহত হয়েছেন তাদের তালিকা রক্ষণাবেক্ষণ করে থাকে।’
‘যদি কেউ দাবি করেন, গণ-অভ্যুত্থানে এই তালিকার বাইরেও পুলিশ নিহতের ঘটনা ঘটেছে সেক্ষেত্রে প্রমাণ সরবরাহের জন্য আহ্বান জানানো হচ্ছে’ যোগ করা হয় বিবৃতিতে। এর আগেও পুলিশ সদর দপ্তরের এক বার্তায় ৪৪ পুলিশ সদস্য নিহত হওয়ার তথ্য জানানো হয়েছিল। তবে তখন নিহত পুলিশ সদস্যদের নামসহ বিস্তারিত তথ্য দেওয়া হয়নি।
নিহতদের মধ্যে তিনজন পরিদর্শক, ১১ জন এসআই, ৭ জন এএসআই, একজন এটিএসআই, একজন নায়েক ও ২১ জন কনস্টেবল রয়েছেন।
নিহতদের নাম : নিহত তিন পরিদর্শক হলেন মো. আব্দুর রাজ্জাক, রাশেদুল ইসলাম ও মো. মাসুদ পারভেজ ভূঁইয়া। নিহত ১১ জন এসআই হলেন সুজন চন্দ্র দে, খগেন্দ্র চন্দ্র সরকার, রেজাউল করিম, মো. মামুনুর রশিদ সরকার, বাছির উদ্দিন, রইস উদ্দিন খান, তহছেনুজ্জামান, প্রণবেশ কুমার বিশ্বাস, মো. নাজমুল হোসাইন, আনিসুর রহমান মোল্লা ও সন্তোষ চৌধুরী। নিহত ৭জন এএসআই হলেন সঞ্জয় কুমার দাস, ফিরোজ হোসেন, সোহেল রানা, রাজু আহমেদ, ওবায়দুর রহমান, রফিকুল ইসলাম, মো. মোক্তাদির। নিহত টিএসআইর নাম আলী হোসেন চৌধুরী। নিহত নায়েকের নাম মো. গিয়াস উদ্দিন। নিহত ২১ কনস্টেবল হলেন মো. আব্দুল মজিদ, রেজাউল করিম, মাহফুজুর রহমান, শাহিদুল আলম, মো. আবু হাসনাত রনি, মীর মোনতাজ আলী, সুমন কুমার ঘরামী, মোহাম্মদ আব্দুল মালেক, মোহাম্মদ ইব্রাহিম, মো. আব্দুস সালেক, মো. হাফিজুল ইসলাম, মো. রবিউল আলীম শাহ, মো. হুমায়ুন কবীর, মো. আরিফুল আযম, মো. রিয়াজুল ইসলাম, মো. শাহিন উদ্দিন, মো. এরশাদ আলী, মাইনুদ্দিন লিটন, মো. সুজন মিয়া, মো. খলিলুর রহমান ও মো. হানিফ আলী।
গণঅভ্যুত্থানের সময় নিহত ৪৪ পুলিশ সদস্যের মধ্যে ঢাকা মহানগর পুলিশের ১৪ জন এবং সিরাজগঞ্জের ১৪ জন পুলিশ সদস্য রয়েছেন। এর বাইরে খুলনা, ঢাকা জেলা, নারায়ণগঞ্জ, কুমিল্লা, নোয়াখালী, চাঁদপুর ও গাজীপুরসহ কয়েকটি জেলায় নিহত হয়েছেন বাকি ১৬ জন।
সবচেয়ে বেশি ২৪ পুলিশ সদস্য নিহত হয়েছেন শেখ হাসিনা ক্ষমতা ছাড়ার দিন। এর আগের দিন ৪ আগস্ট মারা গেছেন ১৪ জন।
