নাশকতা ও ছাত্র আন্দোলনের সময় হত্যার ঘটনায় করা মামলায় দেশের বিভিন্ন স্থান থেকে ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ এবং আওয়ামী লীগের ১৮ জনকে গ্রেপ্তার করেছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর :
ব্রাহ্মণবাড়িয়া : ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাহিদুল হক শুভ (২৫) নামে এক ছাত্রলীগ নেতাকে ব্রাহ্মণবাড়িয়ায় গ্রেপ্তার করেছে পুলিশ। ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার তালশহর পূর্ব ইউনিয়ন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তারা বিরুদ্ধে গত ২১ অক্টোবর ঢাকার শাহবাগ থানায় বিস্ফোরক আইনে মামলা হয়েছে। এ ছাড়া গত ১০ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়া সদর থানায়ও আরেকটি বিস্ফোরক আইনে মামলা রয়েছে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ক্রীড়াবিষয়ক সম্পাদক। ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি মো. মোজাফফর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য মাহামুদুর রহমান মান্না (৫৫) এবং উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আদেল মোহাম্মদ জাহাঙ্গীরকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার কান্দিপাড়া ও পাইকপাড়ায় অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) : নারায়ণগঞ্জের রূপঞ্জে হত্যা, চাঁদাবাজিসহ কয়েকটি মামলায় উপজেলা ছাত্রলীগের সভাপতি তানজির আহমেদ খান রিয়াজকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। বৃহস্পতিবার রাতে উপজেলার তারাবো পৌরসভার রূপসী স্লুইসগেট এলাকার নিজবাড়িতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী।
কুড়িগ্রাম : রাজারহাটে ছাত্রদলের সভাপতিকে মারধরের মামলায় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন সানিকে (২৪) গ্রেপ্তার করেছে রাজারহাট থানা পুলিশ। গতকাল সকালে ওই ছাত্রলীগ নেতাকে আদালতে পাঠিয়েছে পুলিশ। সাজ্জাদ হোসেন সানি উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক বলে জানা গেছে।
সাভার (ঢাকা) : সাভারের আশুলিয়ায় বৈষম্যেবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হত্যা মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতাসহ তিনজন এবং অন্যান্য মামলায় ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতাকাল দুপুরে আশুলিয়া থানা থেকে প্রিজন ভ্যানে গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে। এর আগে আশুলিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ছাত্র হত্যা মামলার তিন আসামিসহ ৯ আসামিকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তাররা হলেন শেখ মো. উজ্জ্বল (৪০), রুহুল আমিন (৫৮), মো. জুয়েল রানা (৩৩), মো. রফিকুল ইসলাম ওরফে রফিক (৪৮), মামুন তালুকদার (৩৭), সোহেল রানা (৩০), শাহাব উদ্দিন, মো. আসাদুল (৩৩) ও মো. আসিফ (২৮)।
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুর এলাকায় ছাত্র আন্দোলন চলাকালে মো. আশিক মিয়া (২০) নামে এক ছাত্রের মৃত্যু হয়। এ ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে সোনারগাঁ থানায় একটি হত্যা মামলা হয়। সেই মামলায় বৃহস্পতিবার রাতে কাঁচপুর এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদকসহ পাঁচ আওয়ামী লীগের নেতাকর্মীকে গ্রেপ্তার করে সোনারগাঁ থানা পুলিশ। আসামিদের আদালতে পাঠানো হয়েছে।
আটকরা হলেন কাঁচপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য সিরাজুল ইসলাম (৫০), যুবলীগের সদস্য আফজাল (৪২), যুগ্ম সাধারণ সম্পাদক নুরু উদ্দিন ওরফে সাধু (৫২), আওয়ামী লীগ কর্মী মোফাজ্জল (৫৪) এবং যুবলীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান ওরফে মিজান (৫০)।
