নিয়ম ভেঙে এবারও সালাউদ্দিনের পাশে কিরণ

আপডেট : ২৬ অক্টোবর ২০২৪, ০৩:৫০ পিএম

বিদায়বেলায়ও নিয়ম ভাঙার সংস্কৃতি থেকে বের হতে পারেননি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের চার মেয়াদের সভাপতি কাজী সালাউদ্দিন। বাফুফের বার্ষিক কংগ্রেসে কাছের মানুষ মাহফুজা আক্তার কিরণকে এবারও পাশের আসনে বসিয়ে সমালোচনার মুখে পড়েন তিনি। অতীতেও এরকম কীর্তি ঘটিয়ে আলোচনা উসকে দিয়েছিলেন তিনি।

শনিবার ছিল সভাপতি হিসেবে সালাউদ্দিনের শেষ বার্ষিক কংগ্রেস। নিয়ম অনুযায়ী সভাপতির দুই পাশের আসনগুলো বরাদ্দ থাকে সিনিয়র সহ-সভাপতি ও চার সহ-সভাপতির জন্য। আর পেছনের সারিতে ক্রম অনুযায়ী বসেন নির্বাহী সদস্যরা। তবে কিরণের ক্ষেত্রে এই নিয়ম বারবার ভাঙা হয়েছে। অতীতে সহ-সভাপতিদের কাতারে বসানো হয়েছে তাকে।

এবারের কংগ্রেসে সিনিয়র সহ-সভাপতি ও তিন সহ-সভাপতি উপস্থিত না থাকায় কিরণকে নিজের পাশে বসান সালাউদ্দিন। এ নিয়ে কংগ্রেসে একেবারে শুরুতে প্রশ্ন তোলেন শরিয়তপুর জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের ডেলিগেট মোজাম্মেল হক চঞ্চল। সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষারকে ডেকে আপত্তি জানান তিনি। এ সময় হট্টগোল সাধারণ সম্পাদককে ডেকে হট্টগোলের কারণ জানতে চান সালাউদ্দিন। কিরণকে বসানো নিয়ে আপত্তির কথা শুনে মেজাজ হারান সালাউদ্দিনও। নিজের আসনে বসেই সেই ডেলিগেটের সঙ্গে তর্ক শুরু করেন বাফুফের বিদায়ী সভাপতি। বিষয়টি ভীষণ দৃষ্টিকটূ হয়ে পড়ে কংগ্রেসের কক্ষে।

বিদায়ী কমিটির একমাত্র উপস্থিত সহ-সভাপতি ও নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত সিনিয়র সহ-সভাপতি ইমরুল হাসান এ প্রসঙ্গে বলেন, ‘কংগ্রেসে সব কিছুই ঠিক ছিল। তবে শুরুর আগে কিরণ ম্যাডামের আসন নিয়ে একজন ডেলিগেট আপত্তি তুলেছিলেন। সভাপতি তাকে তার পাশেই বসিয়েছিলেন।’

২০২০ নির্বাচনে নির্বাহী সদস্য পদে খুব বেশি ভোট পেয়ে নির্বাচিত হননি কিরণ। ১১তম প্রার্থী হিসেবে ৭০ ভোট পেয়ে নির্বাচিত হন তিনি। সে হিসেবে তার আসন কোনোভাবেই সভাপতির ধারে কাছে থাকার কথা নয়। সিনিয়র সহ-সভাপতি ও তিন সহ-সভাপতি না থাকায় সালাউদ্দিনের এক পাশে ইমরুল হাসান এবং অপর পাশে ২০২০ নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়ে সদস্য নির্বাচিত হওয়া জাকির হোসেন চৌধুরীর বসার কথা ছিল। অথচ জাকিরে জায়গা নিয়ে নেন কিরণ।

এরকম ঘটনা অবশ্য বাফুফেতে নিয়মিতই ঘটেছে। নিয়মের তোয়াক্কা না করে সালাউদ্দিনের ছায়া সঙ্গী হয়েই ছিলেন কিরণ। এবার সালাউদ্দিন নির্বাচন থেকে সরে দাঁড়ালেও কিরণ চাইছেন নির্বাচিত হয়ে নারী ফুটবল কমিটিতে নিজের রাজত্ব ধরে রাখতে। শেষ পর্যন্ত তার আশা পূরণ হয় কীনা তার জানা যাবে আজ নির্বাচনের ফল গননার পর।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত