ইসরায়েলের হামলায় ইরানের ২ সেনা নিহত

আপডেট : ২৬ অক্টোবর ২০২৪, ০৫:১৮ পিএম

ইসরায়েলের বিমান হামলায় ইরানের দুই সেনা নিহত হয়েছেন। ইরানের সেনাবাহিনীর পক্ষ থেকে আজ শনিবার এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। খবর আল জাজিরার।

এক বিবৃতিতে ইরানের সেনাবাহিনী জানিয়েছে, আজ (২৬ অক্টোবর) ভোরে ইরানে ইসরায়েলি হামলায় দুই সেনা নিহত হয়েছেন। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনী, দেশের এবং জনগণের নিরাপত্তা রক্ষায় ইহুদিবাদী শাসকদের ক্ষেপণাস্ত্র মোকাবিলা করার সময় দুজন যোদ্ধাকে উৎসর্গ করেছে।

এর আগে ইরানের সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, ইলাম, খোজেস্তান ও তেহরান—এ তিনটি প্রদেশে সামরিক ঘাঁটি লক্ষ্য করে ভোরে হামলা চালিয়েছে ইসরায়েল। তবে হামলায় ‘সীমিত ক্ষয়ক্ষতি’ হয়েছে। ইসরায়েলি হামলা প্রতিহত করার কথাও জানায় ইরান। দেশটির প্রতিরক্ষা বাহিনী ইসরায়েলি ড্রোনগুলো আকাশেই ধ্বংস করার দাবি করে। 

ইসরায়েলি হামলার পর ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনা জানায়, দেশটির প্রতিরক্ষা বাহিনী তেহরানের আশপাশের আকাশসীমায় প্রতিপক্ষের লক্ষ্যবস্তু সফলভাবে ধ্বংস করেছে। কর্মকর্তাদের বরাত দিয়ে ইরানের অন্য একটি সংবাদমাধ্যমে বলা হয়, তেহরান ইসরায়েলি আগ্রাসনের জবাব দিতে প্রস্তুত।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় শুক্রবার ভোররাতে ইরানে একাধিক সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালায় ইসরায়েল। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে আইডিএফ বলেছে, ইসরায়েলে ‘ইরানের কয়েক মাসের ক্রমাগত হামলার প্রতিক্রিয়া’ হিসেবে এই হামলা চালানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত