নারায়ণগঞ্জের রূপগঞ্জ ডহরগাঁও এলাকার একটি বাসায় গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে নারী, শিশুসহ একই পরিবারের ছয়জন দগ্ধ হয়েছে।
গত শুক্রবার রাতের দিকে এ ঘটনা ঘটে। পরে তাদের জাতীয় বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে।
দগ্ধরা হলো একই পরিবারের গৃহকর্তা মোহাম্মদ বাবুল (৪৭), গৃহকর্ত্রী মোছাম্মৎ সেলি (৩৬), মো. সুয়েল (২২), মোসাম্মৎ মুন্নি (২০), মোহাম্মদ ইসমাইল (১৬) এবং মোছাম্মৎ তাসলিমা (১৩)।
দগ্ধ বাবুলের চাচা মোগল মিয়া এবং প্রতিবেশী জুয়েল রানা জানান, দগ্ধরা সবাই রূপগঞ্জের ফকির ফ্যাশনে পোশাক শ্রমিকের কাজ করত। তারা সবাই একই রুমে বসবাস করত। কাজ শেষে বাসায় ফিরে মশার কয়েল ধরাতে গেলে বিস্ফোরণে দগ্ধ হয় তারা। লাইনের গ্যাস লিকেজ হয়ে ওই ঘরে আগেই গ্যাস জমে ছিল। পরে মশার কয়েল ধরাতে গেলে বিস্ফোরণে ছয়জনই দগ্ধ হয়।
বার্ন ইনস্টিটিউটের দায়িত্বরত চিকিৎসক জানিয়েছেন দগ্ধদের সবাই ৫৫ শতাংশের বেশি দগ্ধ হয়েছে। তবে এই মুহূর্তে দগ্ধের সঠিক পরিমাণ নির্ণয় করা যাচ্ছে না। বর্তমানে সবাইকেই বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের পর্যবেক্ষণে রাখা হয়েছে।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে নারী, শিশুসহ ছয়জন দগ্ধ হলে তাদের জাতীয় বান ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। বর্তমানে জরুরি বিভাগের পর্যবেক্ষণে তাদের রাখা হয়েছে। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানিয়েছি।
