পরিপূর্ণ বিজয় অর্জনে বহু পথ যেতে হবে: প্রিন্স

আপডেট : ২৭ অক্টোবর ২০২৪, ০৪:২৫ পিএম

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, বহু ত্যাগ ও রক্তের বিনিময়ে অর্জিত বিজয় যাতে নস্যাৎ না হয় সেদিকে নজর রাখতে হবে। ফ্যসিবাদের পতনের মধ্য দিয়ে আংশিক বিজয় অর্জন হয়েছে। পরিপূর্ণ বিজয় অর্জনে বহু পথ যেতে হবে। সংস্কার ও নির্বাচনের পথে এমন কিছু করা যাবে না, যাতে হোঁচট খেয়ে পড়তে হয়। হঠকারিতা পরিহার করে বাস্তবতার নিরিখে সিদ্ধান্ত নিতে হবে।

জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ রবিবার ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলা ও পৌর শাখা আয়োজিত দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ- ড্যাবের সহযোগিতার ফ্রি মেডিকেল ক্যাম্পে সম্প্রতি বন্যায় রোগাক্রান্তসহ অনান্য ১৬ শতাধিক রোগীর বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ সরবরাহ করা হয়।

অনুষ্ঠানে এমরান সালেহ প্রিন্স যুবদল নেতাকর্মীদের প্রতি রাজনৈতিক অঙ্গনের চলমান ঘটনা প্রবাহের দিকে সতর্ক দৃষ্টি রাখার আহ্বান জানান।

নির্বাচনের রোডম্যাপ এখন পর্যন্ত ঘোষিত না হওয়ায় উষ্মা প্রকাশ করে প্রিন্স বলেন, নির্বাচন প্রলম্বিত হলে ষড়যন্ত্রকারীরা মাথাচাড়া দিয়ে উঠবে। নিরপেক্ষ নির্বাচনের লক্ষে অতি প্রয়োজনীয় ও জরুরি সংস্কার করে নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধিত্বশীল সংসদ ও সরকার গঠন করে পরিপূর্ণ সংস্কার ও রাষ্ট্র মেরামত করতে হবে।

হালুয়াঘাট পৌর শহরের জয়িতা মহিলা মার্কেট চত্বরে জেলা যুবদলের সহসভাপতি আবদুল আজিজ খানের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক আব্দুল মালেকের সঞ্চালনায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক এনায়েত উল্লাহ, ড্যাব নেতা ডা. ফয়সাল কাদের শাহ চৌধুরী ইমন, ডা. আব্দুল্লাহ আল মাহমুদ রতন, বিএনপি নেতা আসলাম মিয়া বাবুল, আবু হাসনাত বদরুল কবির, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আমজাদ আলী, জেলা যুবদলের সহসভাপতি তারিকুল ইসলাম চঞ্চল, সদস্য আব্দুল মালেক সোহান প্রমুখ।

এ সময় বিএনপি নেতা কাজী ফরিদ আহমেদ পলাশ, অধ্যাপক মোফাজ্জল হোসেন, যুবদল নেতা হুমায়ুন কবির, আবুল কালাম, আব্দুল মোতালেব, সোহেল আল আজাদ, নুরুজ্জামান হেলাল, জাকির হোসেন, ইমরান জাহিন সুমন, মির্জা রনি, নাহিদ হাসান উজ্জল, মাজহারুল ইসলাম রিপন, সারোয়ার হোসেন রুবেল, স্বেচ্ছাসেবক দল নেতা মেহেদী হাসান দুলাল, ছাত্রদল নেতা আসাদুজ্জামান আসিফ, মির্জা তায়েব, মোহায়মেনুল ইসলাম রবিন প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত