চাকরির লোভ দেখিয়ে হোটেলে নিয়ে বন্দুক ঠেকিয়ে ধর্ষণ!

আপডেট : ২৭ অক্টোবর ২০২৪, ০৮:৪৭ পিএম

চাকরির লোভ দেখিয়ে হোটেলে নিয়ে গিয়ে ১৩ বছরের কিশোরীর মাথায় বন্দুক ঠেকিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের আগরার তাজগঞ্জ থানা এলাকায়। অভিযুক্ত যুবক আগরার এক হোটেল মালিকের ছেলে। তার বিরুদ্ধে এফআইআর করে তদন্ত শুরু করেছে পুলিশ। এখনও তাকে গ্রেপ্তার করা হয়নি। 

ভুক্তভোগী কিশোরীর মা পুলিশকে জানিয়েছেন, তার মেয়ের সঙ্গে অভিযুক্ত যুবক ফোনে কথা বলতেন। যুবক জানিয়েছিলেন, তার বাবার হোটেলে কিশোরীর একটি চাকরির বন্দোবস্ত করে দেবেন। এই মর্মে কিশোরীকে আশ্বাস দিয়েছিলেন তিনি। গত ২১ অক্টোবর দুপুরে যুবকের ডাকে তার সঙ্গে দেখা করতে যায় কিশোরী। নিজেদের হোটেলেই তাকে ডেকেছিলেন অভিযুক্ত। সেখানে কিশোরীকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ।

কিশোরীর মা জানিয়েছেন, মাথায় বন্দুক ধরে প্রাণে মেরে ফেলার ভয় দেখিয়ে তার মেয়েকে ধর্ষণ করা হয়েছে। প্রায় দু’ঘণ্টা ধরে একাধিক বার ধর্ষণ করা হয় বলে পুলিশকে জানিয়েছেন তিনি। 

এসএইচও জশবীর সিংহ জানিয়েছেন, কিশোরীর মায়ের অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের করেছে পুলিশ। তদন্ত শুরু হয়েছে। ওই কিশোরীর মেডিকেল পরীক্ষাও করানো হয়েছে। পুলিশের কাছে কিশোরীর বয়ান রেকর্ড করিয়েছেন তার মা। তবে অভিযুক্ত যুবককে এখনও গ্রেপ্তার করা যায়নি। তার সন্ধানে তল্লাশি চালাচ্ছে পুলিশ। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত