সাফে আবার বাংলাদেশ-নেপাল ফাইনাল

আপডেট : ২৭ অক্টোবর ২০২৪, ১১:৫৩ পিএম

দুবছর ব্যবধানে নারী সাফ চ্যাম্পিয়নশিপে আবার বাংলাদেশ-নেপাল ফাইনাল হতে যাচ্ছে। ২০২২ এর ফাইনালে নেপালকে হারিয়ে শিরোপা জিতেছিল সাবিনারা। ২৯ অক্টোবর কাঠমান্ডুর দশরথ রংগশালায় বাংলাদেশ আবার শিরোপা লড়াইয়ে নামবে নেপালের সঙ্গে। 

রবিবার প্রথম সেমিফাইনালে ভুটানকে ৭-১ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে। পরে নাটকীয় দ্বিতীয় সেমিতে টাইব্রেকারে ভারতকে ৪-২ গোলে হারায় নেপাল।

খেলার ৫০ মিনিটে নেপালের একজন দ্বিতীয় হলুদকার্ড দেখে মাঠ ছাড়ার কিছুক্ষণ পর ভারত গোল করে এগিয়ে যায়। ভারতীয় ফুটবলাররা যখন নিজেদের ডাগআউটের সামনে গিয়ে উদ্‌যাপনে ব্যস্ত, ঠিক তখনই মধ্যমাঠে বল বসিয়ে নেপালি দল খেলা শুরু করে দেয়। শুধু খেলা শুরুই নয়, ফাঁকা মাঠে বল জালেও পাঠিয়ে দেন প্রীতি রাই। এই সময় ভারতীয় ফুটবলারদের কেউই মাঠে জায়গামতো ছিলেন না। টেলিভিশন রিপ্লেতে দেখা যায় ভুটানি রেফারি ওম চাকি খেলা শুরুর বাঁশিও বাজিয়েছেন।

ভারতীয় দল প্রতিবাদ জানায় স্বাভাবিকভাবেই। রেফারিও তাঁর ভুল বুঝতে পারেন। এই সময় পাল্টা প্রতিবাদ জানায় নেপাল দল। গ্যালারি থেকেও শুরু হ বোতল বর্ষণ। দশরথ স্টেডিয়ামে শুরু হয় অচলাবস্থা। নিরাপত্তার জন্য ভারতীয় ফুটবলাররাও মাঝমাঠে আশ্রয় নেন।  ৬৭ মিনিট পরঅবশ্য নেপাল মাঠে ফিরলে খেলা শুরু হয়। নেপালের স্ট্রাইকার সাবিত্রা বাসনেত ম্যাচে ফেরান সমতাও।

এরপর টাইব্রেকারে ভারতের দুটি শট বাচিয়ে নেপালের বদলী গোলরক্ষক দলকে ফাইনালে তোলেন। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত