নরসিংদীতে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ 

আপডেট : ২৮ অক্টোবর ২০২৪, ০১:০৭ পিএম

তিন মাসের বকেয়া বেতনের দাবিতে নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার ভাগদী গ্রামে অবস্থিত কাপকেক এক্সপার্ট ফ্যাক্টরির শ্রমিকরা আন্দোলনে নেমেছেন। 

সোমবার (২৮ অক্টোবর) সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত দুই ঘণ্টা ফ্যাক্টরির সামনে ঘোড়াশাল-পাঁচদোনা সড়ক অবরোধ করেন তারা। এসময় সড়কের উভয় পাশে ৬ কিলোমিটার পর্যন্ত যান চলাচল বন্ধ হয়ে যায়।

ফ্যাক্টরির শ্রমিকরা জানান, গত তিন মাস ধরে তারা বেতন পাচ্ছেন না। চলতি মাসে তাদের বকেয়া বেতন পরিশোধ করার কথা ছিল। কিন্তু মাসের ২৮ তারিখ হয়ে গেলেও বেতন পরিশোধ করা হয়নি। পাঁচ বছরের সার্ভিস চার্জ দেওয়া হয়নি এখনও। তাই সকাল থেকেই তারা আন্দোলনে নেমেছেন। বকেয়া বেতন পরিশোধ না করা পর্যন্ত এ আন্দোলন চলবে। 

সরেজমিনে গিয়ে দেখা যায়, সড়কে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় যাত্রীরা পড়েছেন চরম দুর্ভোগে। সড়কের উভয় পাশে শত শত যানবাহন আটকে আছে। 

সড়কে চলাচলকারী যাত্রীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, সড়ক অবরোধ করে এই আন্দোলন করা ঠিক হচ্ছে না। মালিকপক্ষকেও শ্রমিকদের দাবি মেনে নেওয়া উচিত।

এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন সেনাবাহিনী ও পুলিশের একটি দল। পরে কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী বেতন পরিশোধের আশ্বাস পেয়ে শ্রমিকরা সকাল ১০টার দিকে সড়ক অবরোধ প্রত্যাহার করে কাজ ফিরে যান।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। মালিকপক্ষের সঙ্গে কথা বলে এক মাসের বেতন আগামী বৃহস্পতিবারের ভিতরে আর বাকি বেতন সামনের মাসে পরিশোধ করার আশ্বাস দেওয়া হয়েছে শ্রমিকদের। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত