টেন হাগ বরখাস্ত, ম্যানইউর দায়িত্বে নিস্তলরয়

আপডেট : ২৮ অক্টোবর ২০২৪, ০৮:০২ পিএম

দলের অব্যাহত ব্যর্থতার কারণে কোচ রায়ান টেন হাগকে বরখাস্ত করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। গত রাতে ওয়েস্ট হ্যামের মাঠে হারের পর প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলে দলটির অবস্থান এখন ১৪ নম্বরে। টেন হাগের অধীনে চলতি মৌসুমে এখন পর্যন্ত ৯ ম্যাচে মাত্র ৩টি জয় পেয়েছে ম্যানইউ, হেরেছে ৪ টিতে এবং ড্র করেছে দুই ম্যাচ।

প্রিমিয়ার লিগে প্রথম ৯ ম্যাচ খেলার পর পয়েন্ট টেবিলে নিজেদের ইতিহাসে এটাই দ্বিতীয় সর্বনিম্ন অবস্থান ইউনাইটেডের। ইউরোপে দ্বিতীয় সারির ক্লাব টুর্নামেন্টে ইউরোপা লিগেও ধুঁকছে ইউনাইটেড। ৩৬ দলের মধ্যে তাঁদের অবস্থান ২১তম।

ইউনাইটেড কোচ হিসেবে নিজের আগের দুই মৌসুমে দুটি ট্রফি জিতেছেন টেন হাগ। ২০২২-২৩ মৌসুমে জিতেছেন লিগ কাপ এবং গত মৌসুমে জিতেছেন এফএ কাপ। ওয়েম্বলি স্টেডিয়ামে গত মে মাসে ম্যানচেস্টার সিটির বিপক্ষে এফএ কাপের সেই ফাইনালে ইউনাইটেডের ২-১ গোলে জয়ের পর চাকরি সে যাত্রায় টিকে যায় টেন হাগের। তবে কোচের দায়িত্ব নিয়ে প্রথম মৌসুমে লিগ কাপ জেতার মধ্য দিয়ে ইউনাইটেডের ছয় বছরের শিরোপাখরা ঘুচিয়েছিলেন তিনি। সেবার লিগে তৃতীয় হয়েছিল ইউনাইটেড।

টেন হাগের অধীন ১২৭ ম্যাচে ৭০ জয়, ২৩ ড্র ও ৩৪ ম্যাচ হেরেছে ইউনাইটেড। গোল করেছে ২১৬টি, হজম করেছে ১৬৩টি।

টেন হাগের জায়গায় অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব পালন করবেন নেদারল্যান্ডসের সাবেক ফরোয়ার্ড ৪৮ বছর বয়সী রুড ফন নিস্তলরয়। এ বিষয়ে বিবৃতিতে বলা হয়েছে, ‘রুড ফন নিস্তলরয় বর্তমান কোচিং স্টাফকে নিয়েই অন্তর্বর্তীকালীন প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন। ভবিষ্যতে একজন স্থায়ী কোচ নিয়োগ করা হবে।’

ডাচ ক্লাব পিএসভি আইন্দহোভেনের কোচ নিস্তলরয় গত মৌসুমে টেন হাগের সহকারী হিসেবে যোগ দেন। ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত ইউনাইটেডে খেলে লিগ, এফএ কাপ ও কমিউনিটি শিল্ড জিতেছেন।

২০১৩ সালে স্যার অ্যালেক্স ফার্গুসন কোচের দায়িত্ব থেকে অবসর নেওয়ার পর এই ১১ বছরে এখন ষষ্ঠ স্থায়ী কোচের খোঁজ করবে ইউনাইটেড।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত