সুতোয় ঝুলছিল চাকরিটা। গত মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেডকে এফএ কাপ জেতানোর পর বেঁচে যান এরিক টেন হাগ। তবে প্রিমিয়ার লিগের ৯ ম্যাচ না যেতেই ধৈর্যের বাঁধ ভাঙল ম্যানইউর। ওয়েস্ট হামের বিপক্ষে সবশেষ ম্যাচে হারের পর ডাচ এই কোচকে ছাঁটাই করল ইংল্যান্ডের অন্যতম সফল এই ক্লাবটি।
গতকাল সোমবার সকালে টেন হাগকে জানিয়ে দেওয়া হয়েছে তাকে বরখাস্তের খবর। অন্তর্বর্তী কোচের দায়িত্ব পেয়েছেন আরেক ডাচÑ টেন হাগেরই সহকারী এবং ম্যানইউর সাবেক স্ট্রাইকার রুড ফন নিস্তলরয়।
গত মৌসুমে ম্যানইউ লিগ শেষ করেছিল ৮ নম্বরে থেকে। এবার ৯ ম্যাচ না যেতেই নেমে গেছে ১৪ নম্বরে। ইউরোপা লিগেও যাচ্ছেতাই অবস্থা। ৩৬ ক্লাবের নতুন ফরম্যাটের টুর্নামেন্টে তারা এখন ২১ নম্বরে। ইউরোপায় প্রথম তিন ম্যাচই ড্র করেছে ম্যানইউ। টানা এই ব্যর্থতাতেই কোচের চাকরিটা হারালেন টেন হাগ। স্যার অ্যালেক্স ফার্গুসন দায়িত্ব ছাড়ার পর এ নিয়ে ছয়জন পূর্ণাঙ্গ মেয়াদের কোচ ছাঁটাই করল তারা।
২০২২ সালে দায়িত্ব নেওয়ার প্রথম মৌসুমে ম্যানইউকে লিগে তৃতীয় করেছিলেন টেন হাগ। ২০২৩ সালে জিতিয়েছিলেন লিগ কাপ, যা ছয় মৌসুম পর দলটির প্রথম শিরোপা। গত মৌসুমে জিতিয়েছিলেন এফএ কাপও। কিন্তু ম্যানইউর মতো দলের প্রিমিয়ার লিগ আর চ্যাম্পিয়নস লিগ ছাড়া চলবে কীভাবে?
এই দুটো শিরোপার জন্য কোচ হওয়ার পর খেলোয়াড় কিনতে ৪০১ মিলিয়ন পাউন্ড খরচ করেছেন টেন হাগ, যা ফার্গুসন ক্লাব ছাড়ার পর দলটির জন্য সবচেয়ে বেশি খরচের রেকর্ড।
