বাংলাদেশ নারী প্রগতি সংঘ (বিএনপিএস) এর বাস্তবায়নাধীন 'টেকসই শান্তিতে অবদান রাখতে বাংলাদেশি নারীদের ক্ষমতায়ন' শীর্ষক প্রকল্পের স্টিয়ারিং কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। প্রকল্পের সহায়তায় রয়েছে গ্লোবাল নেটওর্য়াক অফ উইমেন পিসবিল্ডার্স।
মঙ্গলবার (২৯ অক্টোবর) ময়মনসিংহের ত্রিশালে নজরুল বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে কমিটির ২য় মাসিক সভাটি অনুষ্ঠিত হয়েছে। ষ্টিয়ারিং কমিটির সদস্য ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শামীমা সুলতানার সভাপতিত্বে উক্ত সভা পরিচালনা করেন বাংলাদেশ নারী প্রগতি সংঘ (বিএনপিএস) এর ব্যবস্থাপক ও ষ্টিয়ারিং কমিটির সমন্বয়কারী মৃনাল কান্তি চক্রবর্তী, সহায়তা করেন উন্নয়ন কর্মকর্তা কল্পনা ঘোষ।
এ সময় আলোচনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার শাহানা আক্তার, শিক্ষা অফিসার মো. আলী সিদ্দিকী, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তানজুম মোস্তফা অর্ণা প্রমুখ। সভায় সরকারী কর্মকর্তা, স্থানীয় সরকার প্রতিনিধি, নারী নেত্রী, শিক্ষক, সংস্কৃতি কর্মী ও যুব প্রতিনিধি সহ ষ্টিয়ারিং কমিটির সকল সদস্য অংশগ্রহণ করেন।
সভায় নারী, শান্তি ও নিরাপত্তা বিষয়ক কর্মপরিকল্পনার মূল বিষয় অংশগ্রহণ, প্রতিরোধ. সুরক্ষা ও পূর্নবাসন বিষয় সমূহ যথাযথভাবে নিশ্চিতের জন্য এডভোকেসী কার্যক্রম জোরদার করার লক্ষ্যে পরিকল্পনা গ্রহণ করা হয়।
জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ১৩২৫ রেজুলেশন এর ভিত্তিতে নারী, শান্তি ও নিরাপত্তা বিষয়ক জাতীয় কর্ম পরিকল্পনা বাস্তবায়নের উদ্দেশ্যে গঠিত ষ্টিয়ারিং কমিটি। প্রকল্পের আওতায় গত ১০-১২ জুন ময়মনসিংহের শম্ভুগঞ্জ ব্র্যাক লার্নিং সেন্টারে অনুষ্ঠিত স্থানীয়করণ কর্মশালার শেষ দিনে ত্রিশাল উপজেলার সরকারী কর্মকর্তা, আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্য, নারী নেত্রী, শিক্ষক, সংস্কৃতি কর্মী, স্থানীয় সরকার ও যুব প্রতিনিধিদের নিয়ে উপজেলা ষ্টিয়ারিং কমিটি গঠন করা হয়।
উল্লেখ্য, নারী শান্তি ও নিরাপত্তা বিষয়ক জাতীয় কর্মপরিকল্পনা বাস্তবায়নে বিএনপিএস মুখ্য ভূমিকা পালন করে আসছে।
