বাংলাদেশ ক্রিকেটে অধিনায়কত্ব, সাকিব আল হাসানের ভবিষ্যৎ এবং কোচিং স্টাফের বদল নিয়ে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হতে যাচ্ছে আজ। ফারুক আহমেদের সভাপতিত্বে বুধবার বিকেল সাড়ে ৩টায় মিরপুরের শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামের বিসিবি কার্যালয়ে হবে বৈঠক।
এই সভায় প্রধান আলোচনার বিষয়গুলোতে থাকবে অধিনায়ক পরিবর্তন, সাকিব আল হাসানের ভবিষ্যৎ, কোচিং স্টাফের পুনর্গঠন, এবং বোর্ড পরিচালনার কিছু গঠনমূলক পরিবর্তন।
সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, নাজমুল হোসেন আর জাতীয় দলের অধিনায়কত্ব চালিয়ে যেতে চান না। ব্যক্তিগত ও পারিবারিক কারণের পাশাপাশি নিজের ব্যাটিংয়ে মনোযোগ বাড়ানোর লক্ষ্যেই তিনি বিসিবি সভাপতি ফারুক আহমেদকে এই সিদ্ধান্ত জানিয়েছেন। তার ইচ্ছাকে সম্মান জানিয়ে আজকের সভায় নতুন অধিনায়ক নির্বাচন হতে পারে। সম্ভাব্য অধিনায়ক হিসেবে মেহেদী হাসান মিরাজ টেস্ট এবং ওয়ানডের দায়িত্ব পেতে পারেন, আর টি-টোয়েন্টিতে অধিনায়কত্বের জন্য তাওহিদ হৃদয়ের নাম আলোচিত হচ্ছে। তবে লিটন দাসও এই আলোচনায় থাকতে পারেন।
এদিকে, দেশের মাঠে টেস্ট না খেলতে পারা সাকিব আল হাসান ওয়ানডে থেকে অবসর না নিলেও রাজনৈতিক কিছু বিতর্কের কারণে তাঁর ভবিষ্যৎ নিয়ে আলোচনা হচ্ছে। সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজে তাকে দলে রাখা হতে পারে। তবে সরকারি অবস্থান এবং সাকিবের বর্তমান পরিস্থিতির ওপর ভিত্তি করেই বিসিবি এ বিষয়ে সিদ্ধান্ত নেবে। দেশের মাটিতে খেলা না হলেও বিদেশের মাঠে তাঁর অংশগ্রহণ নিয়ে বিসিবির ব্যাখ্যা অনেকের জন্যই কৌতূহলের বিষয়।
এছাড়া, বাংলাদেশ দলের সাবেক সহকারী কোচ সালাহউদ্দিনের জাতীয় দলে পুনরায় সহকারী কোচ হিসেবে যোগদানের বিষয়টিও প্রায় নিশ্চিত বলে জানা গেছে। ফিল সিমন্সের কোচিং প্যানেলে যুক্ত হয়ে আফগানিস্তান সিরিজ থেকেই এই দায়িত্ব পেতে পারেন তিনি।
সভায় আরও আলোচনা হতে পারে নির্বাচকদের কপালে চিন্তার ভাঁজ ফেলে দেওয়া মুশফিকুর রহিমের কাঁধের চোট নিয়ে। পাকিস্তান সফর ও দক্ষিণ আফ্রিকা সিরিজে বিশেষ ব্যবস্থায় খেললেও চোটের কারণে ব্যাটিং, উইকেটকিপিং এবং ফিল্ডিংয়ে কিছু সীমাবদ্ধতা রয়েছে তার। এছাড়া, জাতীয় লিগে কাঁধে গুরুতর চোট পাওয়ায় আমিরাত সফরের দলে থাকছেন না তরুণ পেসার তানজিম হাসান।
আজকের সভায় বিসিবি পরিচালনা পর্ষদের শূন্য পদ এবং গঠনতন্ত্র সংশোধনী নিয়েও আলোচনা হতে পারে। জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) সম্প্রতি পাঠানো এক চিঠিতে গঠনতন্ত্র অনুযায়ী পরপর তিনটি সভায় অনুপস্থিত সদস্যদের শূন্য পদ নিয়ে বিসিবির অবস্থান জানতে চেয়েছে।
ভিনির ভোট ভাগে সুবিধা পেয়েছেন রদ্রি
রোনালদো 'দানব' কিন্তু মেসি সেই 'দানবের বাপ'
এক দল ৫০০ করলে আরেক দল ৮০০ করতে পারে: ফিল সিমন্স