ইসরায়েলি হামলায় একদিনে গাজাজুড়ে ১৪৩, লেবাননে ৭৭ জন নিহত

  • ৭ অক্টোবর থেকে লেবাননে ইসরায়েলি হামলায় অন্তত ২৭৮৭ জন মানুষ নিহত
  • গাজা ও লেবাননে হতাহতদের মধ্যে বেশিরভাগই নারী এবং শিশু
আপডেট : ৩০ অক্টোবর ২০২৪, ১০:০৪ এএম

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের পাশাপাশি লেবাননেও সমানতালে আগ্রাসন চালাচ্ছে দখলদার ইসরায়েলি বাহিনী। ইসরায়েলি বাহিনীর বর্বর হামলায় প্রতিনিয়ত প্রাণ হারাচ্ছেন শত শত মানুষ।

গতকাল মঙ্গলবার অবরুদ্ধ উপত্যকা গাজাজুড়ে দখলদার বাহিনীর তাণ্ডবে কমপক্ষে ১৪৩ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে ১৩২ জনই গাজার উত্তরাঞ্চলে ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন।

হাসপাতাল ও চিকিৎসক সূত্রে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল-জাজিরা।

অন্যদিকে দক্ষিণ লেবাননে ভয়াবহ, মারাত্মক হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। লেবাননের সিডন শহরের কাছে সারাফান্দ এবং হারেত সাইদায় সর্বশেষ ভয়াবহ হামলা চালিয়েছে তারা। ফলে দেশটিতে শুধু মঙ্গলবারই ইসরায়েলি হামলায় ৭৭ জন নিহত হয়েছেন।

গত বছরের ৭ অক্টোবর গাজায় যুদ্ধ শুরুর পর থেকে লেবাননে সময়-সময় হামলা চালিয়ে আসছিল ইসরায়েল। তবে সাম্প্রতিক মাসগুলোতে তারা লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর বিরুদ্ধে হামলা জোরদার করেছে। চালাচ্ছে স্থল অভিযানও।

ইসরায়েলি গণমাধ্যমের তথ্যমতে, লেবাননে চলতি মাসের শুরু থেকে ইসরায়েলের স্থল অভিযানে কমপক্ষে ৩৩ সেনা নিহত হয়েছে। অন্যদিকে, গত বছরের ৭ অক্টোবরের পর থেকে লেবাননে ইসরায়েলি হামলায় অন্তত ২ হাজার ৭৮৭ জন মানুষ নিহত হয়েছেন। আহতের সংখ্যা ১২ হাজার ৭৭২।

এছাড়া গাজার হামাস-নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এই সময়ের মধ্যেই অবরুদ্ধ ভূখণ্ড গাজায় ৪৩ হাজার ৬১ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল। এছাড়া আহত হয়েছে আরও ১ লাখ ১ হাজার ১১০ জন। হতাহতদের মধ্যে অধিকাংশই নারী এবং শিশু।

এদিকে গত সোমবার (২৮ অক্টোবর) মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এক বিবৃতিতে বলেছেন, গাজা যুদ্ধ এখন বন্ধ হওয়া উচিত। একই সঙ্গে তিনি জানিয়েছেন, মিশর দুই দিনের যুদ্ধবিরতির প্রস্তাব করার পর তিনি যুদ্ধবিরতির জন্য নতুন করে প্রচেষ্টা চালিয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত