কলেজ শিক্ষার্থীকে ছুরিকাঘাতে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার

আপডেট : ৩০ অক্টোবর ২০২৪, ১০:০৯ পিএম

রাজধানীর তেজগাঁও এলাকায় ইমরান নামে এক কলেজ শিক্ষার্থীকে যুবককে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় বাদশাহ নামে একজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-২। বাদশাহ এ ঘটনায় দায়েরকৃত মামলার প্রধান আসামি। 

মঙ্গলবার (২৯ অক্টোবর) রাতে বংশাল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বুধবার (৩০ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছে র‌্যাব-২ এর মিডিয়া বিভাগ। 

জানা গেছে, গত ২০ অক্টোবর রাতে রাজধানীর তেজগাঁও ১৭নং গলি এলাকায় মোবাইল ফোনে ডেকে নিয়ে মো. ইমরানকে (২২) ছুরিকাঘাত করা হয়। পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় নিবিড় পরিচর্যা কেন্দ্রে পরদিন ২১ অক্টোবর বেলা সাড়ে ১১টার দিকে তার মৃত্যু হয়। মিরপুর বাংলা কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন ইমরান।

সেদিন ঢামেকে আসা তার ভাই সুমন জানিয়েছিলেন, বাদশাহ নামের স্থানীয় এক সন্ত্রাসী তাদের বাসা থেকে টেলিফোনে তাকে ডেকে নিয়ে যায়। পরে তার ভাইকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। চিৎকার শুনে তারা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসেন। অবস্থার অবনতি হলে আইসিইউতে নেওয়া হয়। পরদিন সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় পরে তার পরিবার বাদী হয়ে তেজগাঁও থানায় একটি হত্যা মামলা করেন। সেই মামলার প্রধান আসামি বাদশাহ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত