মোহাম্মদপুরে বোমা বিস্ফোরণে চার পরিচ্ছন্নতা কর্মী আহত

আপডেট : ৩০ অক্টোবর ২০২৪, ১১:৫৭ পিএম

রাজধানীর মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পের খোলা স্পটে বর্জ্য অপসারণের সময় ডাস্টবিনে ময়লায় থাকা বোমা বিস্ফোরণ হয়ে ৪ জন পরিচ্ছন্নতা কর্মী আহত হয়েছেন। বুধবার সকালে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ৩২নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা মো. মকবুল হোসাইন বিষয় টি নিশ্চিত করেছেন।

আহতরা হলেন মো. আলমগীর হোসেন (৩৬), মো. ইয়াছিন (৪০), আসাদ মিয়া (৫৮), সাইফুল ইসলাম (৪৭)। তারা শহীদ সোহ্‌রাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। 

এদিকে, আহত পরিচ্ছন্নতা কর্মীদের দেখতে  বুধবার রাতে রাজধানীর শহীদ সোহ্‌রাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে যান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এ. এফ. হাসান আরিফ। 

এ সময় তিনি তাদের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন।  তাছাড়া বৈষম্য বিরোধী আন্দোলনে আহত চিকিৎসাধীন শিক্ষার্থীদেরও শারীরিক অবস্থার খোঁজ খবর নেন এবং তাদের সাথে কথা বলেন উপদেষ্টা। 

হাসপাতালের চিকিৎসক জানিয়েছেন, বোমায় আহতদের শরীরে কয়েকটি স্থানে ক্ষত হয়েছে। তবে সকলেই আশঙ্কামুক্ত।

উপদেষ্টা এ. এফ. হাসান আরিফ আহত পরিচ্ছন্নতা কর্মীদের সার্বিক সুষ্ঠু চিকিৎসা নিশ্চিত করার বিষয়ে নির্দেশনা দেন।  

ডিএনসিসির প্রশাসক মো. মাহমুদুল হাসান জানান, ডিএনসিসি'র পক্ষ থেকে আহত পরিচ্ছন্নতা কর্মীদের চিকিৎসার সকল ব্যবস্থা করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত