অন্তর্বর্তী সরকারের শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। এ সময় শিশুশ্রম, শ্রম আইন, গার্মেন্টস সেক্টরে শ্রমিকবান্ধব পরিবেশ তৈরি, শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিতকরণ, শ্রমিকদের দক্ষতা বৃদ্ধি নিয়ে আলোচনা হয়। একই সঙ্গে যুক্তরাজ্যের সঙ্গে বাংলাদেশের অর্থনৈতিক এবং রাজনৈতিক সম্পর্ক, সামাজিক সুরক্ষা নিয়েও আলোচনা হয়। শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, ছাত্র-শ্রমিক-জনতার যুগপৎ আন্দোলনের মাধ্যমে একটি স্বৈরাচারী সরকারের পতন হয়েছে। এই আন্দোলনে ১০০ জনের বেশি শ্রমিক প্রাণ দিয়েছেন; এখনো অনেকে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। আহত শ্রমিকদের সুচিকিৎসার দায়ভার সরকার বহন করেছে।
উপদেষ্টা বলেন, ট্রানজেকশন পিরিয়ড খুব সহজ নয়। এ সময় বিভিন্ন ধরনের অস্থিরতা সৃষ্টি হয়। মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণের শুরুতে শ্রমিকদের মধ্যে কিছু অসন্তোষ দেখা দিয়েছিল। আমরা শ্রমিকদের ন্যায্য দাবি পূরণের মাধ্যমে তাদের অসন্তোষ দূর করতে সক্ষম হয়েছি। গার্মেন্টস ফ্যাক্টরিগুলোতে এখন কর্মপরিবেশ সৃষ্টি হয়েছে। শ্রমিকদের দায়িত্ব এবং অধিকার সম্পর্কে সচেতন করতে মন্ত্রণালয় থেকে প্রশিক্ষণের উদ্যোগ গ্রহণ করা হবে।
ওই সাক্ষাৎকারে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় অতিরিক্ত সচিব মো. সবুর হোসেন উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি
