বিএনপি চেয়ারপারেনের উপদেষ্টা ও সাবেক চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক বলেছেন, ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস রাষ্ট্রীয়ভাবে উদযাপন এবং রাষ্ট্রীয় ছুটি ঘোষণা করতে হবে। স্বৈরাচারী শেখ হাসিনা যেভাবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেছেন সেভাবে গণতান্ত্রিক দিবসগুলোকেও দৃষ্টির আড়ালে নিয়ে গেছেন। আওয়ামী লীগ এমন একটি দল যারা সবসময় চক্রান্তের রাজনীতিতে বিশ্বাস করে এবং তাদের হাতেই বারবার গণতান্ত্রিক ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে। তারাই গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে নস্যাৎ করেছে।
আজ বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ উন্মুক্ত গণতান্ত্রিক পরিষদ আয়োজিত ৭ নভেম্বর মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে সরকারি ছুটি পুনর্বহালের দাবিতে আয়োজিত অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জয়নুল আবদিন ফারুক বলেন, বারবার এদেশের মানুষ সর্বশক্তি দিয়ে আওয়ামী লীগের চক্রান্ত প্রতিহত করেছে। ৭৫ সালের ৩ নভেম্বর থেকে ৬ নভেম্বর পর্যন্ত ভারতের এজেন্টরা এদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে নস্যাৎ করার জন্য চক্রান্তে লিপ্ত ছিল। অবশেষে ৭ নভেম্বর এদেশের সিপাহী-জনতা সেই চক্রান্তকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ায় এবং তাদের চক্রান্তকে ব্যর্থ করে দেয়। এ কারণে দিবসটি রাষ্ট্রীয়ভাবে পালিত হয়ে আসছিল দীর্ঘদিন ধরে। কিন্তু স্বৈরাচারী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর পরিকল্পিতভাবে ঐতিহাসিক দিনগুলোকে জনগণের দৃষ্টির অন্তরালে নিয়ে যান। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের দাবি থাকবে তারা ৭ নভেম্বরকে পূর্বের মত রাষ্ট্রীয়ভাবে পালনের উদ্যোগ গ্রহণ করে। এতে দেশের জনগণ যেমন আওয়ামী চক্রান্ত সম্পর্কে সচেতন হবে, তেমনি দেশের গণতন্ত্র ও তাদের ভূমিকা সম্পর্কে অবগত থাকবে।
বাংলাদেশ উন্মুক্ত গণতান্ত্রিক পরিষদের সভাপতি সাবেক ছাত্রনেতা মো. রমীজ উদ্দিন রুমির সভাপতিত্বে আরাফাত রহমান আবিরের সঞ্চালনায় বক্তব্য রাখেন ভিপি ইব্রাহীম, অ্যাড. মো. রবিউল ইসলাম রবি, এম জাহাঙ্গীর আলম, যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এস এম মিজানুর রহমান, প্রজন্ম একাডেমির সভাপতি কালাম ফয়েজী, জাগ্রত বাংলাদেশ’র সভাপতি ও দৈনিক খোলাবাজার পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো. জহিরুল ইসলাম কলিম, জাগ্রত বাংলাদেশের সাধারণ সম্পাদক সৈয়দ মোজাম্মেল হোসেন শাহীন, প্রতিবাদ’র সভাপতি মো. ইব্রাহীম হোসেন, মঞ্জুর হোসেন ঈসা প্রমুখ।
তিনি বর্তমান সরকারের কাছে দাবি জানান, আপনারা দ্রুত নির্বাচন দিন। দেশি-বিদেশি চক্রান্ত প্রতিহত করার জন্য একটি শক্তিশালী নির্বাচিত সরকারের খুব প্রয়োজন। আমরা কখনোই ২০১৪ সালের মতো ১৫৩ জনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করতে চাই না, অথবা ২০১৮ সালের নৈশকালীন নির্বাচনের মতো অনির্বাচিতভাবে জয়যুক্ত হতে চাই না। আমরা চাই ভোট বঞ্চিত জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে তাদের প্রিয় ব্যক্তিদের নির্বাচিত করুক এবং তাদের যোগ্য ব্যক্তিরা দক্ষতার সাথে দেশ পরিচালনা করুক।
বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মো. রহমাতুল্লাহ বলেন, ৭ নভেম্বরের মতো ৬ ডিসেম্বর ১৯৯০ এবং ২০২৪ সালের ৫ আগস্ট রাষ্ট্রীয়ভাবে পালন করতে হবে। তাহলে দেশের মানুষ দেশের বিরুদ্ধে চক্রান্তকারীদের জানতে পারবে এবং স্বৈরাচারীদের ব্যাপারে সতর্ক ও সোচ্চার থাকবে।
১০ দিনের কর্মসূচি দিল বিএনপি
৭ নভেম্বরের সঠিক ইতিহাস জনগণের সামনে আনতে হবে: মির্জা ফখরুল