রাস্তায় এঁকেবেঁকে বাইক চালানোয় ২ যুবককে কুপিয়ে খুন

আপডেট : ৩১ অক্টোবর ২০২৪, ০৪:৫৯ পিএম

ভারতের দিল্লিতে দুই যুবককে কুপিয়ে খুনের অভিযোগ উঠেছে চার কিশোরের বিরুদ্ধে। রাস্তায় এঁকেবেঁকে জোরে বাইক চালানো নিয়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। এরই জেরে পকেট থেকে ছুরি বের করে দুই বাইক আরোহীকে কুপিয়ে হত্যা করে তারা। 

বুধবার রাতে ভারতের রাজধানী দিল্লির বওয়ানা এলাকার জেজে কলোনিতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ চার কিশোরকে আটক করেছে।

পুলিশের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, যে দুজনের মৃত্যু হয়েছে, তাদের এক জনের বয়স ২০ এবং অন্যজনের বয়স ১৭। তারা বুধবার রাতে রাস্তা দিয়ে বাইকে করে যাচ্ছিলেন। বাইকে যেন তারা গতির ঝড় তুলেছিলেন। শুধু তাই নয়, রাস্তা জুড়ে এঁকেবেঁকে বাইক চালাচ্ছিলেন তারা। এটি দেখে তাদের বাধা দেয় চার কিশোর। শুরু হয় বাকবিতণ্ডা। এর একপর্যায়ে ওই কিশোরদের কাছে থাকা ধারালো ছুরি বের করে। এরপর দুই বাইক আরোহীকে এলোপাতাড়ি কোপাতে থাকে। পরে দুই যুবককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকেরা তাদের মৃত ঘোষণা করেন। 

পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের মধ্যে দুজনের বয়স ১৫। এ ছাড়া, এক জন ১৩ এবং এক জন ১৬ বছর বয়সি কিশোর। তাদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। জুভেনাইল জাস্টিস আইনে তাদের বিরুদ্ধে খুনের মামলা রুজু করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত